চড়া রোদে নাজেহাল কলকাতা, কবে নামবে বৃষ্টি? স্বস্তির খবর দিল হাওয়া অফিস
প্যাচপ্যাচে গরমে যখন ওষ্ঠাগত প্রাণ, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর
Truth of Bengal: কালবৈশাখী বিদায় নিতেই ফের চড়া রোদে পুড়ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য সাধারণ মানুষের অস্বস্তি চরমে তুলছে। প্যাচপ্যাচে গরমে যখন ওষ্ঠাগত প্রাণ, ঠিক তখনই কিছুটা স্বস্তির বার্তা দিল আলিপুর আবহাওয়া দফতর। চলতি সপ্তাহের শেষেই অর্থাৎ আগামী শুক্রবার থেকে রাজ্যে নতুন করে বৃষ্টির স্পেল শুরু হতে চলেছে। কলকাতা এবং তার পার্শ্ববর্তী জেলাগুলিতেও এই দফায় ভালো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার আগে আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বাসিন্দাদের এই তীব্র গরম ও অস্বস্তিকর পরিস্থিতি সহ্য করতে হবে।
দিন কয়েক আগেই কলকাতা এবং দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কালবৈশাখী ঝড় ও বৃষ্টির জেরে পারদ বেশ কিছুটা নেমেছিল। কিন্তু সেই স্বস্তি দীর্ঘস্থায়ী হয়নি। মাত্র দু-এক দিনের ব্যবধানেই ফের পুরনো রূপ ফিরে পেয়েছে আবহাওয়া। হাওয়া অফিস জানাচ্ছে, আজ বুধবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। যদিও থার্মোমিটারের পারদ খুব বেশি ওপরে উঠবে না, তবুও বাতাসে অত্যধিক আপেক্ষিক আর্দ্রতার কারণে প্রকৃত গরম বা ফিল লাইক টেম্পারেচার অনেক বেশি অনুভূত হবে। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে, তবে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পারদ ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গতকাল মঙ্গলবার মহানগরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বনিম্ন ৫৭ থেকে সর্বোচ্চ ৯১ শতাংশের মধ্যে ঘোরাফেরা করায় রোদের তেজের পাশাপাশি ঘাম পরিস্থিতি আরও জটিল করে তুলছে। আজ সারাদিন মূলত পরিষ্কার আকাশ থাকলেও মাঝে মাঝে আংশিক মেঘলা ভাব দেখা যেতে পারে। তবে এই দমবন্ধ পরিস্থিতি কেটে যাওয়ার দিনক্ষণ স্পষ্ট করেছে আবহাওয়া দফতর। আগামী শুক্রবার এবং শনিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা ঝড়-বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই ঝড়-বৃষ্টির জেরে সপ্তাহের শেষে তাপমাত্রা প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে ইতিমধ্যেই বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। আজ বুধবার দার্জিলিং-সহ পাহাড়ের চার জেলায় কিছুটা গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকলেও ওপরের পাঁচটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকেই উত্তরবঙ্গের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির দাপট বাড়বে। ফলে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও সপ্তাহের শেষটা বেশ মনোরম হতে চলেছে বলে মনে করছেন আবহবিদরা।





