কলকাতা

অভিষেকের কালীঘাটের বাড়িতে ED! প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সমন

সেই আবহেই এবার অভিষেকের কালীঘাটের বাড়িতে পৌঁছে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

Truth of Bengal: বিধানসভায় দলের বিধায়কদের জাল স্বাক্ষর করার চাঞ্চল্যকর অভিযোগে ইতিমধ্যেই রাজ্য সিআইডি (CID)-র নজরে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবার, ৮ জুন তাঁকে ভবানী ভবনে হাজিরা দেওয়ার কড়া নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা। এই আইনি টানাপড়েনের মাঝেই এবার ডায়মন্ড হারবারের সাংসদের ‘দুয়ারে’ পৌঁছে গেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সমন হাতে সরাসরি তাঁর কালীঘাটের বাসভবনে হানা দিলেন ইডি আধিকারিকরা। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে এই নতুন নোটিস দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

বুধবার বিকেলে আচমকাই রাজনৈতিক মহলে শোরগোল ফেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দুই উচ্চপদস্থ আধিকারিক। ইডি সূত্রে খবর, তদন্তকারীরা প্রথমে হরিশ মুখার্জি রোডে অভিষেকের সরকারি বাসভবন ‘শান্তিনিকেতন’-এ যান। কিন্তু সেখানে খোঁজ নিয়ে জানা যায়, ডায়মন্ড হারবারের সাংসদ সেখানে উপস্থিত নেই। এর পরপরই ইডি আধিকারিকরা সোজা পৌঁছান তাঁর কালীঘাটের বাসভবনে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, কেন্দ্রীয় সংস্থার কর্তারা যখন তাঁর বাড়ির দরজায় কড়া নাড়ছেন, তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বয়ং সেখানে ছিলেন না। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দলীয় বৈঠকে যোগ দিতে তিনি অন্য জায়গায় গিয়েছিলেন। এর ফলে কেন্দ্রীয় তদন্তকারীদের বেশ কিছুক্ষণ ‘যুবরাজে’র বাড়ির বাইরে অপেক্ষা করতে হয়। পরবর্তীতে অবশ্য অভিষেকের অফিসের এক দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইডি-র আনা ওই অফিশিয়াল সমনটি গ্রহণ করেন।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বেশ কিছু নতুন তথ্য ও নথিপত্র সামনে এসেছে। সেই সূত্র ধরেই জিজ্ঞাসাবাদের জন্য আগামী সপ্তাহেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

Related Articles