আজ ব্রিগেডে শপথ শুভেন্দুর, আমন্ত্রণ পেয়েও যাচ্ছেন না মমতা?
একদিকে যেমন সাজ সাজ রব বিগ্রেডে, অন্যদিকে তেমনই আমন্ত্রিতদের তালিকায় রয়েছে চমকের ছড়াছড়ি।
Truth of Bengal: বৈশাখী পূর্ণিমা আর রবীন্দ্রজয়ন্তীর আবহে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে পশ্চিমবঙ্গ। এই প্রথমবার বাংলার মসনদে বসতে চলেছেন কোনো বিজেপি নেতা। শনিবার কলকাতার বিগ্রেড প্যারেড গ্রাউন্ডে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। এই বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে কোনো খামতি রাখছে না গেরুয়া শিবির। একদিকে যেমন সাজ সাজ রব বিগ্রেডে, অন্যদিকে তেমনই আমন্ত্রিতদের তালিকায় রয়েছে চমকের ছড়াছড়ি।
বিজেপির এই জয়জয়কার উদযাপনে বিগ্রেডের মঞ্চে উপস্থিত থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিল্লি থেকে উড়ে আসছেন একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। তবে অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ বিজেপিশাসিত ২১টি রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিতি। ভারতের রাজনৈতিক মানচিত্রের এক বিরাট অংশ যেন আজ এক ছাদের নিচে মিলিত হচ্ছে কলকাতায়। রাজনীতিকদের পাশাপাশি সাংস্কৃতিক ও ক্রীড়া জগতের বিশিষ্ট ব্যক্তিত্বদেরও আমন্ত্রণ জানানো হয়েছে, যা অনুষ্ঠানকে এক অনন্য মাত্রা দিচ্ছে।
বিজেপির পক্ষ থেকে প্রোটোকল মেনে সৌজন্যের রাজনীতিতে কোনো ফাঁক রাখা হয়নি। রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য জানিয়েছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যথাযথ সম্মান দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে রাজনৈতিক মহলের জোর খবর, বিদায়ী মুখ্যমন্ত্রী সম্ভবত এই অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না। কেবল মমতা বন্দ্যোপাধ্যায়ই নন, আমন্ত্রণপত্র পৌঁছেছে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু এবং কংগ্রেস প্রতিনিধিদের কাছেও। তৃণমূল নেত্রী অনুপস্থিত থাকলেও বিরোধী শিবিরের বাকিরা কী ভূমিকা নেন, সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
রবীন্দ্রজয়ন্তীর দিন এই শপথগ্রহণ অনুষ্ঠান হওয়ায় আয়োজনে থাকছে বিশেষ সাংস্কৃতিক ছোঁয়া। বিজেপি নেতৃত্বের দাবি, বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে সম্মান জানিয়েই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। জাঁকজমক আর আড়ম্বরের নিরিখে এই অনুষ্ঠান বিগত কয়েক দশকের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, বিগ্রেডের আকাশ মেঘলা থাকলেও রাজনৈতিক পারদ এখন সপ্তমে। একদিকে মোদী-শাহের উপস্থিতি আর অন্যদিকে শুভেন্দু অধিকারীর অভিষেক— সব মিলিয়ে এক নতুন রাজনৈতিক সমীকরণের সাক্ষী হতে চলেছে বাংলা।






