রাজ্যের খবর

লাগবে না টাকা, প্লাস্টিকের পরিবর্তে মিলবে পেটভরা খাবার! ভদ্রেশ্বর পৌরসভার অভিনব উদ্যোগ

পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এক কেজি বর্জ্য প্লাস্টিক দিলে দুটি খাবারের কুপন এবং দু’কেজি প্লাস্টিক দিলে পাঁচটি খাবারের কুপন দেওয়া হবে।

রাকেশ চক্রবর্তী, হুগলি: ভদ্রেশ্বর শহরকে আরও পরিচ্ছন্ন রাখতে বিশেষ উদ্যোগ নিল ভদ্রেশ্বর পৌরসভা। বর্জ্য প্লাস্টিক সংগ্রহে উৎসাহ দিতে “মা ক্যান্টিন”-এর মাধ্যমে প্লাস্টিকের বিনিময়ে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, এক কেজি বর্জ্য প্লাস্টিক দিলে দুটি খাবারের কুপন এবং দু’কেজি প্লাস্টিক দিলে পাঁচটি খাবারের কুপন দেওয়া হবে। এভাবে শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা প্লাস্টিক কমানোর লক্ষ্য নিয়েই এই পদক্ষেপ।

জানা গিয়েছে, জুটমিল কলোনি ও বিভিন্ন বস্তি এলাকাসহ শহরের বহু জায়গায় যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেওয়ার ঘটনা ঘটে। এই সমস্যা সমাধানেই এই নতুন উদ্যোগ। ইতিমধ্যেই ব্যানার, প্রচারপত্র ও সামাজিক মাধ্যমে প্রচার শুরু করেছে পৌরসভা। ভদ্রেশ্বর পালবাগানের পৌরসভা লজে থাকা মা ক্যান্টিন থেকেই প্লাস্টিকের বিনিময়ে খাবার দেওয়া হচ্ছে। সাধারণত যেখানে প্রতিদিন প্রায় ৩০০ জন মানুষ খাবার পান, সেখানে নতুন এই উদ্যোগে আরও মানুষকে যুক্ত করার চেষ্টা চলছে। পাঁচশো বর্জ্য প্লাস্টিক দিলেও একটি খাবার পাওয়া যাবে।

মা ক্যান্টিনে প্লাস্টিক নিয়ে আসা গোপাল কর্মকার বলেন, “এটা খুব ভাল উদ্যোগ। যারা পাঁচ টাকায় এখানে খাই, তারা রাস্তা ঘাটে পড়ে থাকা প্লাস্টিক তুলে এনে খাবার নিতে পারি। রাস্তায় বা ড্রেনে ফেলে রাখার চেয়ে প্লাস্টিক জমা করাই উচিত।”

স্থানীয় বাসিন্দা বিমল রায় বলেন, “পরিবেশ দূষণ কমাতে এটি দুর্দান্ত পদক্ষেপ। আমি দুই কেজি প্লাস্টিক জমা দিয়ে পাঁচটি কুপন পেয়েছি। আশা করি ভবিষ্যতেও এমন উদ্যোগ থাকবে।”

ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান প্রলয় চক্রবর্তী জানান, তিন বছর ধরে মা ক্যান্টিন পরিচালিত হচ্ছে, যেখানে গৃহহীন ও ক্যান্সার রোগীদের বিনামূল্যে খাবার দেওয়া হয়। তিনি আরও বলেন, “শহর পরিষ্কার রাখতে পৌরসভার নিজস্ব কর্মী আছে। তবুও প্লাস্টিক বর্জ্য নিয়ন্ত্রণে নাগরিকদের আরও যুক্ত করতেই এই স্কিম চালু। পাঁচশো বর্জ্য প্লাস্টিক জমা দিলেই একটি খাবারের কুপন পাওয়া যাবে। শহর পরিষ্কার রাখা সবার দায়িত্ব।” পৌরসভার আশা, এই উদ্যোগে সাধারণ মানুষ শহরকে প্লাস্টিকমুক্ত রাখতে আরও সক্রিয়ভাবে অংশ নেবেন।

 

Related Articles