রাজ্যের খবর

ডিউটির মাঝেই আত্মঘাতী বিএসএফ আধিকারিক, চাঞ্চল্য ক্যাম্পে

এদিন ক্যাম্পের নিজের ঘরের ভিতরেই তিনি সার্ভিস রিভলভার থেকে গুলি চালান

বিশ্বদীপ নন্দী, বালুরঘাট: নিজের সার্ভিস রিভলভার ব্যবহার করে আত্মঘাতী হলেন এক বিএসএফ ইন্সপেক্টর। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকার গোপিনগর বিওপিতে ঘটনাটি ঘটে। মুহূর্তের মধ্যে ক্যাম্প জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আধিকারিকের নাম রাকেশ শর্মা। তিনি BSF-এর ২৯ নম্বর ব্যাটালিয়ানে কর্মরত ছিলেন। এদিন ক্যাম্পের নিজের ঘরের ভিতরেই তিনি সার্ভিস রিভলভার থেকে গুলি চালান।

গুলির শব্দ শুনে সহকর্মীরা দ্রুত ছুটে এসে তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন।খবর পেয়ে বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাসের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পরে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে পাঠানো হয়।ঘটনার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই আধিকারিক দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগছিলেন। এই বিষয়ে বিএসএফ কর্তৃপক্ষ কোনও মন্তব্য করেনি। পরিবারের সদস্যদের ইতিমধ্যেই খবর দেওয়া হয়েছে।এই মর্মান্তিক ঘটনার পর সীমান্ত এলাকায় নেমে এসেছে গভীর শোক ও নীরবতা।

Related Articles