দেশ

পুরীর রথযাত্রায় বিপত্তি! ভিড় ও গরমে অসুস্থ অন্তত ৩৩ পুণ্যার্থী

জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়

Truth of Bengal: রথযাত্রা উপলক্ষে শ্রীক্ষেত্র পুরীতে এবারও ভক্তদের উপচে পড়া ভিড়। দেশ-বিদেশের লক্ষ লক্ষ পুণ্যার্থী একবার জগন্নাথদেবকে দর্শন করতে বৃহস্পতিবার সকাল থেকেই মন্দির চত্বরে জমায়েত হন। সেই বিপুল ভিড়ের মধ্যেই ঘটে বিপত্তি। ভিড়ের চাপ ও গরমে অসুস্থ হয়ে পড়েন অন্তত ৩৩ জন পুণ্যার্থী। জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে রথে তোলার সময় ভক্তদের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়। প্রচণ্ড গরম এবং ভিড়ের চাপে একের পর এক পুণ্যার্থী অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝে দ্রুত উদ্ধারকাজে নামে পুলিশ ও স্বাস্থ্যকর্মীরা। অসুস্থদের অ্যাম্বুল্যান্সে করে পুরীর জেলা হাসপাতাল-সহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

ওড়িশার স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গিয়েছে, অসুস্থদের মধ্যে অধিকাংশই শ্বাসকষ্ট, ডিহাইড্রেশন এবং ভিড়ের চাপে শারীরিক সমস্যায় ভুগছিলেন। প্রাথমিক চিকিৎসার পর কয়েকজনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিদের এখনও চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। রথযাত্রাকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক ছিল ওড়িশা প্রশাসন। পুরীর মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে কয়েক হাজার পুলিশকর্মী। প্রস্তুত রাখা হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী, দমকলের দল, অ্যাম্বুল্যান্স এবং বিশেষ চিকিৎসক টিম।

জরুরি পরিস্থিতিতে যাতে দ্রুত উদ্ধারকাজ চালানো যায়, সে জন্য আগে থেকেই তৈরি রাখা হয়েছিল বিশেষ করিডর ও উদ্ধারপথ। ভক্তদের নির্ধারিত পথ ব্যবহার করে দর্শন করার পাশাপাশি নিরাপত্তাকর্মীদের নির্দেশ মেনে চলার আবেদন জানিয়েছে প্রশাসন। ভিড় নিয়ন্ত্রণে পুলিশের তরফে লাগাতার মাইকিংও চলছে।