বিনোদন

হাতে পুজোর ডালা, চোখে সানগ্লাস! হঠাৎ দক্ষিণেশ্বর মন্দিরে হাজির কাজল

খুব শীঘ্রই হয়তো নতুন কোনও ছবি বা বিশেষ প্রকল্পের ঘোষণা করতে চলেছেন তিনি

Truth of Bengal: রথযাত্রার দিন কলকাতায় পৌঁছেছিলেন বলিউড অভিনেত্রী কাজল। আর তার পরদিনই, শুক্রবার সকালে দক্ষিণেশ্বর কালীমন্দিরে মা ভবতারিণীর পুজো দিতে হাজির হন তিনি। অভিনেত্রীর এই সফর ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা জল্পনা। অনেকেরই ধারণা, খুব শীঘ্রই হয়তো নতুন কোনও ছবি বা বিশেষ প্রকল্পের ঘোষণা করতে চলেছেন তিনি। শুক্রবার সকালে লাল রঙের কো-অর্ড পোশাকে দক্ষিণেশ্বর মন্দিরে পৌঁছন কাজল। হাতে ছিল পুজোর ডালা, চোখে সানগ্লাস। তাঁকে দেখেই মন্দির চত্বরে উপস্থিত ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে উৎসাহ ছড়িয়ে পড়ে। অনেকেই প্রিয় অভিনেত্রীর সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা তাঁকে দ্রুত মন্দিরের ভিতরে নিয়ে যান। পুজো ও প্রার্থনা সেরে কিছুক্ষণ পরই গাড়িতে উঠে মন্দির চত্বর ছেড়ে চলে যান অভিনেত্রী।

এর আগের দিন, অর্থাৎ রথযাত্রার দিনই কলকাতা বিমানবন্দরে পৌঁছেছিলেন কাজল। আলোকচিত্রীদের ক্যামেরায় ধরা পড়লেও সফরের উদ্দেশ্য সম্পর্কে কোনও মন্তব্য করেননি তিনি। হাসিমুখেই বিমানবন্দর ছেড়ে বেরিয়ে যান অভিনেত্রী। যদিও কাজলের দক্ষিণেশ্বর সফর নতুন নয়। কলকাতায় এলেই সুযোগ পেলেই তিনি মা ভবতারিণীর দর্শনে যান। অতীতেও মা তনুজা এবং ছেলে যুগকে সঙ্গে নিয়ে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে এসেছিলেন তিনি। তাই এবারের সফরেও সেই আধ্যাত্মিক টানই তাঁকে টেনে এনেছে বলে মনে করছেন অনেকেই। তবে কলকাতা সফরের প্রকৃত কারণ এখনও রহস্যই রয়ে গিয়েছে, আর সেই কারণেই অনুরাগীদের কৌতূহল আরও বেড়েছে।

 

Related Articles