রাজ্যের খবর

শিলিগুড়িতে শাহের মুখে বাম-বন্দনা! বদলে গেল রাজনীতির সুর

উত্তরবঙ্গের রাজনৈতিক মাটি আরও মজবুত করতে শিলিগুড়ির এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া গ্রাউন্ডে এক মেগা কর্মীসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Truth Of Bengal: শিলিগুড়িতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি দাবি করেন, পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষ করে মহিলারা আজ সুরক্ষিত নন। রাজ্যে শাসকদলের বিরুদ্ধে অভিযোগের ঝাঁপি খুলে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে তৃণমূলের তুলনায় আগের বাম সরকার অনেক ভালো ছিল। অমিত শাহের মুখে সিপিএমের এই প্রশংসা রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

উত্তরবঙ্গের রাজনৈতিক মাটি আরও মজবুত করতে শিলিগুড়ির এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া গ্রাউন্ডে এক মেগা কর্মীসভা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের ঘণ্টা বাজার আগেই তাঁর এই সভা উত্তরবঙ্গের পাহাড় ও সমতল—দু’জায়গাতেই রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে দেয়। দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কমিউনিস্টদের ভূয়সী প্রশংসা স্বাভাবিকভাবেই সকলকে অবাক করে। রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গে বিজেপির হারানো জমি ফিরে পেতেই এই কৌশল নিয়েছেন অমিত শাহ।

সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে দুর্নীতিগ্রস্ত বলে কড়া ভাষায় আক্রমণ করেন তিনি। তাঁর দাবি, দেশের মধ্যে বাংলার মতো দুর্নীতিগ্রস্ত সরকার আর নেই। অমিত শাহ বলেন, তৃণমূল সরকারের পতনের সময় এসে গিয়েছে। তোলাবাজি ও সিন্ডিকেট রাজনীতিতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তিনি।

২০২৬ সালের বিধানসভা ভোটে রাজ্যে বড়সড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে অমিত শাহ বলেন, উত্তরবঙ্গের ২৮টি আসনেই বিজেপির জয় নিশ্চিত হবে। তাঁর দাবি, সবক’টি আসনেই বিপুল ব্যবধানে জিতবে বিজেপি। পাশাপাশি সীমান্ত নিরাপত্তা নিয়েও রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি। তাঁর অভিযোগ, সীমান্তে কাঁটাতার বসানোর জন্য রাজ্য সরকার জমি দেয় না এবং অনুপ্রবেশ রুখতেও কার্যকর পদক্ষেপ নেয় না। তিনি আরও বলেন, বাংলায় অনুপ্রবেশকারীরা সহজেই ভুয়ো নথি পেয়ে যাচ্ছে।

শিলিগুড়ির সভা থেকে অমিত শাহ জানান, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে অনুপ্রবেশকারীদের দেশ থেকে বের করে দেওয়া হবে। যদিও এসআইআর সংক্রান্ত আতঙ্কে মৃত্যুর ঘটনা নিয়ে তিনি কোনও মন্তব্য করেননি। সব মিলিয়ে শিলিগুড়ির মঞ্চ থেকে অমিত শাহের বক্তব্য রাজ্যের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।

Related Articles