আন্তর্জাতিক

আমেরিকাজুড়ে বিমান পরিষেবা স্তব্ধ! মাত্র ৪ ঘণ্টায় বাতিল ও প্রভাবিত ১১ হাজার উড়ান

ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর পরিসংখ্যান অনুযায়ী, এই ঘটনায় সব মিলিয়ে প্রায় ১১ হাজার উড়ান প্রভাবিত হয়েছে

Truth of Bengal: আমেরিকার আকাশপথে নজিরবিহীন বিপর্যয়! এয়ার ট্রাফিক কন্ট্রোলের (ATC) যোগাযোগ ব্যবস্থায় গুরুতর প্রযুক্তিগত ত্রুটির জেরে প্রায় চার ঘণ্টার জন্য দেশজুড়ে বিমান চলাচল বন্ধ রাখতে বাধ্য হল মার্কিন প্রশাসন। আচমকা এই সিদ্ধান্তের ফলে কার্যত বিপর্যস্ত হয়ে পড়ে গোটা দেশের বিমান পরিষেবা। ফ্লাইট ট্র্যাকিং সংস্থা ‘ফ্লাইটঅ্যাওয়ার’-এর পরিসংখ্যান অনুযায়ী, এই ঘটনায় সব মিলিয়ে প্রায় ১১ হাজার উড়ান প্রভাবিত হয়েছে। ২০০১ সালের ১১ সেপ্টেম্বর সন্ত্রাসবাদী হামলার পর এই প্রথম আমেরিকার আকাশপথে এমন দেশজোড়া নিষেধাজ্ঞা জারি করা হল।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, স্থানীয় সময় শুক্রবার বিকেল ৩টে ৫৪ মিনিটে (ভারতীয় সময় শনিবার রাত ২টো ২৪ মিনিটে) মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) জরুরি নির্দেশিকা জারি করে। জানানো হয়, আমেরিকা থেকে ছেড়ে যাওয়ার কথা থাকা সমস্ত বিমান আপাতত বাতিল করা হচ্ছে। মাটিতে থাকা উড়ানগুলিকে সেখানেই আটকে রাখার নির্দেশ দেওয়া হয়। এফএএ-র তরফে জানানো হয়, বিভিন্ন আঞ্চলিক এয়ার ট্রাফিক কন্ট্রোল সেন্টারের যোগাযোগ ব্যবস্থায় গুরুতর সমস্যা দেখা দিয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই এই কড়া পদক্ষেপ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞা জারির আগে যে বিমানগুলি আকাশে ছিল, সেগুলিকে নিরাপদে নির্দিষ্ট গন্তব্যে অবতরণ করানো হয়।

এই আকস্মিক সিদ্ধান্তের জেরে চরম দুর্ভোগে পড়েন হাজার হাজার যাত্রী। ফ্লাইটঅ্যাওয়ারের হিসাব অনুযায়ী, প্রায় ১০ হাজার উড়ান নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলেছে। বাতিল করতে হয়েছে এক হাজারেরও বেশি বিমান। পাশাপাশি একাধিক উড়ানের গতিপথ পরিবর্তন করা হয়। ফলে বিভিন্ন বিমানবন্দরে আটকে পড়েন অসংখ্য যাত্রী। অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছতে পারেননি। প্রায় চার ঘণ্টা পর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় এফএএ। ধীরে ধীরে ফের শুরু হয় বিমান চলাচল। তবে পরিষেবা সম্পূর্ণ স্বাভাবিক হতে আরও বেশ কিছুটা সময় লাগবে বলে মনে করা হচ্ছে। ঠিক কী কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ ব্যবস্থায় এই বিপত্তি ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

উল্লেখ্য, ২০২৩ সালের ১১ জানুয়ারিও এফএএ-র নোটাম (NOTAM) ব্যবস্থায় প্রযুক্তিগত বিভ্রাটের কারণে আমেরিকার বিমান পরিষেবা সাময়িকভাবে স্তব্ধ হয়ে গিয়েছিল। তবে সেবারও এমনভাবে দেশ থেকে ছেড়ে যাওয়া সমস্ত উড়ানের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়নি। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের পর এই প্রথম আমেরিকার আকাশপথে এমন সর্বাত্মক বিধিনিষেধ কার্যকর হল। অর্থাৎ প্রায় ২৫ বছর পর ফের একবার নজিরবিহীন বিমান পরিষেবা বিপর্যয়ের সাক্ষী থাকল মার্কিন যুক্তরাষ্ট্র।