গোডাউন প্রাচীর ভেঙে মৃত্যু এক শ্রমিকের
স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবাড়িতে একটি গোডাউন ঘরের প্রাচীর নির্মাণের কাজ চলছিল।
Truth Of Bengal: গোডাউনের প্রাচীর নির্মাণের কাজ চলাকালীন আচমকা প্রাচীর ভেঙে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। আহত হয়েছেন আরও চারজন। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর নাগাদ মুর্শিদাবাদ জেলার বেলডাঙা থানার অন্তর্গত বেগুনবাড়ি এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত শ্রমিকের নাম মানসার শেখ (৩৫)। তাঁর বাড়ি বেলডাঙার হিজুলি মাঠপাড়া এলাকায়। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বেলডাঙা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, বেগুনবাড়িতে একটি গোডাউন ঘরের প্রাচীর নির্মাণের কাজ চলছিল। প্রায় ২৫ ফুট উচ্চতার ওই প্রাচীরটি পাঁচ ইঞ্চি ইটের গাঁথনি দিয়ে নির্মাণ করা হচ্ছিল বলে জানা যায়। অভিযোগ, সঠিক নিয়ম না মেনেই কাজ করানো হচ্ছিল। কাজ চলাকালীন আচমকা প্রাচীরটি ভেঙে পড়ে এবং তার তলায় চাপা পড়েন পাঁচজন শ্রমিক। দ্রুত আহত শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসকরা মানসার শেখকে মৃত বলে ঘোষণা করেন। বাকি চারজন শ্রমিক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
মৃত শ্রমিকের স্ত্রী মিলিয়ারি খাতুন কান্নাজড়িত কণ্ঠে জানান, প্রায় ২০ দিন ধরে গোডাউনে কাজ করছিল আমার স্বামী। এভাবে ওর মৃত্যু হবে ভাবতে পারছি না। পরিবারের দুই নাবালিকা কন্যা ও এক সন্তানকে নিয়ে এখন পথে বসার মতো অবস্থা। পরিবারের একমাত্র রোজগেরে মানুষ ছিল ও।
পুলিশ জানিয়েছে, গোডাউন নির্মাণে সমস্ত নিয়ম মানা হয়েছিল কিনা এবং কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদেহ ময়না তদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।






