শুভেন্দুকে সঙ্গে নিয়ে কালীঘাটে পুজো দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী! আহতদের দেখতে হাসপাতালে শাহ
Truth of Bengal: মহাসপ্তমীর সন্ধ্যায় উত্তর কলকাতার চোরবাগান সর্বজনীন পুজো মণ্ডপে ঘটে যাওয়া ভয়াবহ পদপিষ্টের বিপর্যয়ে কেঁপে উঠেছে গোটা রাজ্য। এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৯ জন দর্শনার্থীর মৃত্যুর খবর সামনে আসার পরই শোকের ছায়া নেমে এসেছে সর্বত্র। এই শোকাচ্ছন্ন পরিস্থিতির মাঝেই প্রাক-পরিকল্পিত সফরসূচি অনুযায়ী কলকাতায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তবে চোরবাগানের এই ভয়াবহ দুর্ঘটনার খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে নিজের সমস্ত নির্ধারিত রাজনৈতিক ও উৎসবের কর্মসূচি বাতিল করেন।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী দ্বিতীয় সপ্তমীতে তিলোত্তমার একাধিক নামী পুজো মণ্ডপে তাঁর ঘোরার কথা থাকলেও, তা সম্পূর্ণ বাতিল করা হয়। পরিবর্তে রবিবার সকালে তিনি সোজা চলে যান ঐতিহাসিক কালীঘাট মন্দিরে। সেখানে গিয়ে দেবী দর্শনের পাশাপাশি পুজো দেন তিনি। এদিনের এই মন্দিরে পুজো দেওয়ার সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য-সহ বিশিষ্ট নেতৃত্ব। কালীঘাটে পুজো পর্ব মিটিয়েই সরাসরি হাসপাতালে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। সেখানে তিনি চিকিৎসাধীন আহতদের সঙ্গে কথা বলবেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করবেন।
এদিকে চোরবাগানের এই হৃদয়বিদারক ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। সামাজিক মাধ্যমে ঘটনার শোক ও সমবেদনা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (PMNRF) থেকে নিহতদের পরিবারপিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সোশ্যাল মিডিয়ায় পৃথকভাবে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। প্রশাসনিক ও রাজনৈতিক মহলের মতে, উৎসবের আনন্দ মুহূর্তে বিষাদে বদলে যাওয়ার এই ঘটনায় সমগ্র রাজধানীতে চরম উদ্বেগ ও শোকের আবহ বিরাজ করছে।






