কলকাতারাজ্যের খবর

বাংলায় শীতের আমেজ! ৪ ডিগ্রি পর্যন্ত নামতে পারে তাপমাত্রা, সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা?

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে

Truth of Bengal: কালীপুজো শেষ হতেই বাংলায় বদলাতে শুরু করেছে আবহাওয়ার মেজাজ। ধীরে ধীরে নামছে তাপমাত্রার পারদ। সকাল ও রাতের দিকে মিলছে হালকা শীতের আমেজ। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কমবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কিন্তু শীতের এই আবহের মধ্যেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে বঙ্গোপসাগর। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। এমনকি সেখান থেকে ঘূর্ণিঝড় তৈরির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তাহলে কি শীতের শুরুতেই ফের দুর্যোগের মুখে পড়বে বাংলা? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ শনিবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রা কমতে শুরু করবে। শনিবার থেকে আগামী মঙ্গলবারের মধ্যে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ভোরের দিকে শীতের অনুভূতি আরও স্পষ্ট হবে। রবিবার সকাল থেকে পুরুলিয়া, বাঁকুড়া-সহ পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার আমেজ বাড়ার সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতেও রাতের দিকে হালকা শীত অনুভূত হবে। উত্তরবঙ্গেও তাপমাত্রার পারদ নিম্নমুখী থাকবে।

হাওয়া অফিসের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ঘোরাফেরা করেছে ৬০ থেকে ৯৬ শতাংশের মধ্যে। তবে শীতের আমেজ বাড়ার এই পূর্বাভাসের মধ্যেই নতুন করে চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরের সম্ভাব্য ঘূর্ণিঝড়। আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। আগামী কয়েক দিনে সেটি শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে ঘূর্ণিঝড় তৈরি হলে তার অভিমুখ কোন দিকে হবে, তা এখনও নিশ্চিত নয়। ফলে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে এর প্রভাব কতটা পড়বে, তা নিয়ে এখনই স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না।

প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, আগামী সপ্তাহের বুধবার থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি গাঙ্গেয় বঙ্গের আরও কয়েকটি জেলাতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আবহাওয়াবিদদের মতে, মেঘলা আকাশ ও বৃষ্টির কারণে সাময়িকভাবে তাপমাত্রা কমার গতি বাধা পেতে পারে। তবে সম্ভাব্য দুর্যোগ কেটে গেলে আকাশ পরিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে ফের নামবে তাপমাত্রা। সব ঠিক থাকলে নভেম্বরের তৃতীয় সপ্তাহের শেষ দিক থেকেই বাংলায় শীতের আমেজ আরও জোরালো হতে পারে। অর্থাৎ, শীতের অপেক্ষা বাড়লেও আপাতত বঙ্গোপসাগরের নিম্নচাপের গতিপ্রকৃতির দিকেই নজর রাখতে হবে।

Related Articles