রাজ্যের খবর

ডিজে মামলায় অস্বস্তি বাড়ল অভিষেকের! বয়ান রেকর্ডের জন্য গোসাবার বিজেপি বিধায়ককে তলব সিআইডি-র

ক্যানিংয়ের হামলা আর অভিষেকের ‘ডিজে’ উসকানি! ভবানী ভবনে বিজেপি বিধায়ককে ডেকে বয়ান রেকর্ড সিআইডির

Truth of Bengal: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) বিতর্কিত ও উসকানিমূলক ‘ডিজে’ মন্তব্যের তদন্তে এবার এক অত্যন্ত নাটকীয় মোড় এল। এই হাই-ভোল্টেজ মামলার তদন্তে এবার সরাসরি গোসাবার নবনির্বাচিত বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করকে (Bikarna Naskar) সাক্ষী হিসেবে তলব করল রাজ্য পুলিশের গোয়েন্দা শাখা সিআইডি (CID)। বৃহস্পতিবার বেলা ১২টায় তাঁকে কলকাতার ভবানীভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়। বিধাননগর আদালত ও হাইকোর্টে ব্যাক-টু-ব্যাক ধাক্কা খাওয়ার পর, অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের আগেই বিজেপি বিধায়ককে সিআইডির এই তলব অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের করা এফআইআর-এর (FIR) ভিত্তিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিতর্কিত ‘ডিজে’ মন্তব্যের তদন্ত করছে সিআইডি। রাজীবের অভিযোগ ছিল, অভিষেকের ওই মন্তব্য অত্যন্ত উসকানিমূলক এবং এর জেরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক হিংসা ছড়িয়েছিল। সিআইডি সূত্রে খবর, এই মামলার তদন্তে এক বড় যোগসূত্র মিলেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের একটি ঘটনায়।

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন গণনাকেন্দ্র থেকে বিজেপি কর্মী-সমর্থকদের নিয়ে গোসাবা ফিরছিলেন বিজেপি বিধায়ক বিকর্ণ নস্কর। অভিযোগ, ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বিকর্ণের ওপর অতর্কিত ও মারাত্মক হামলা চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বিকর্ণ নস্করের দাবি, “হামলার সময় তৃণমূলের গুন্ডারা ‘অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ’ বলে স্লোগান দিচ্ছিল। হামলায় আমি এবং আমার বহু কর্মী জখম হন।” সিআইডির অনুমান, অভিষেকের ওই ‘ডিজে’ মন্তব্যের উসকানির ফলেই এই হামলা ঘটেছিল, যা এই মামলায় অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ (Circumstantial Evidence) হতে পারে।

“খারাপ অঙ্গভঙ্গি করায় সামান্য বচসা”, হামলার অভিযোগ উড়িয়ে সাফাই তৃণমূল বিধায়কের

এই মারাত্মক অভিযোগ প্রসঙ্গে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের দাবি, হামলার কোনও ঘটনাই ঘটেনি। তাঁর বক্তব্য, “ফল প্রকাশের রাতে বিকর্ণবাবু এবং তাঁর লোকজন আমার কার্যালয়ের পাশ দিয়ে যাওয়ার সময় উসকানিমূলক ও খারাপ অঙ্গভঙ্গি করছিলেন। তা নিয়ে আমাদের কর্মীদের সঙ্গে সামান্য বচসা হয়েছিল মাত্র। পুলিশ সেখানে উপস্থিত ছিল। বিকর্ণবাবু রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা এফআইআর করেছেন এবং সেই মামলায় আমি ইতিমধ্যেই জামিনও নিয়েছি।”

১৮ জুলাই শেষ সুযোগ! কণ্ঠস্বরের নমুনা দিতে না চেয়ে প্রবল অস্বস্তিতে অভিষেক

বর্তমানে ‘ডিজে’ মামলাকে কেন্দ্র করে আইনি লড়াইয়ে রীতিমতো কোণঠাসা ডায়মন্ড হারবারের সাংসদ। অভিষেকের আসল কণ্ঠস্বরের নমুনা (Voice Sample) সংগ্রহ করতে চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছে সিআইডি। কিন্তু ইতিমধ্যেই কণ্ঠস্বরের নমুনা দেওয়ার জন্য সিআইডির জোড়া হাজিরা এড়িয়েছেন অভিষেক। এমনকি আইনি রক্ষাকবচ চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেও সেখানে কোনো স্বস্তি পাননি তিনি। গত বুধবারও বিধাননগর নিম্ন আদালতে অভিষেক হাজিরা না দেওয়ায় সিআইডি তাঁর বিরুদ্ধে তদন্তে অসহযোগিতার গুরুতর অভিযোগ তুলেছে। আদালত আগামী ১৮ জুলাই ফের অভিষেকের কণ্ঠস্বরের নমুনা দেওয়ার দিন নির্ধারণ করেছে। তার আগেই বিজেপি বিধায়কের বয়ান রেকর্ড করে সিআইডি অভিষেকের চারপাশের আইনি ফাঁস আরও শক্ত করতে চাইছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Articles