সোশ্যাল মিডিয়ায় ‘ভুল’ তথ্য দিয়ে ফাঁপরে অভিষেক! রেজিনগর থানায় দায়ের এফআইআর
শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর
Truth of Bengal: রেজিনগর উপনির্বাচনের ফলপ্রকাশের দিন সমাজমাধ্যমে ‘ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগে এবার আইনি জটিলতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার মুর্শিদাবাদের রেজিনগর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর। অভিযোগ, রেজিনগর বিধানসভার ১০৯ নম্বর বুথের ভোটার সংখ্যা ও বিজেপির প্রাপ্ত ভোট নিয়ে বিভ্রান্তিকর তথ্য পোস্ট করেছিলেন তিনি। শুক্রবার ভোটগণনার সময় অভিষেক সমাজমাধ্যমে দাবি করেন, ১০৯ নম্বর বুথে মোট ভোটার ৭৭২ জন, অথচ বিজেপি প্রার্থী পেয়েছেন ৯০৯টি ভোট। হুমায়ুন কবীরের দলের প্রার্থী পেয়েছেন মাত্র একটি ভোট। পোস্টটি প্রকাশ্যে আসতেই ভোটগণনার স্বচ্ছতা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল বিতর্ক শুরু হয়।
এরপরই তথ্য যাচাইয়ে নামে জেলা নির্বাচন দফতর। কমিশনের তরফে সংশ্লিষ্ট বুথের ভোটার তালিকার প্রথম পাতা প্রকাশ করে জানানো হয়, ১০৯ নম্বর বুথে মোট ভোটার ১১০৯ জন। তাঁদের মধ্যে পুরুষ ভোটার ৫৭৫ এবং মহিলা ভোটার ৫৩৪। উপনির্বাচনে ওই বুথে মোট ৯৭২টি ভোট পড়েছে। ফলে ভোটার সংখ্যার তুলনায় বিজেপি প্রার্থীর প্রাপ্ত ভোট বেশি—অভিষেকের পোস্টে ওঠা সেই অভিযোগ সঠিক নয় বলে জানায় নির্বাচন কমিশন। মুর্শিদাবাদ পুলিশ জেলার তরফেও ওই পোস্টকে ভুল তথ্য হিসেবে চিহ্নিত করা হয়।
এরপর রিটার্নিং অফিসারের পক্ষ থেকে রেজিনগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গিয়েছে। অভিযোগের মূল বিষয়, যাচাই না করে নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত এমন তথ্য প্রকাশ করা হয়েছে, যা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। ঘটনার পর নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বর্তমানে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে দিল্লিতে আন্দোলনে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে অভিযোগের তদন্তে অভিষেককে রেজিনগরে ডাকা হবে কি না, তা নিয়েও রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছে।






