কলকাতা

মহাসপ্তমীতে বাংলায় শাহ! বেলুড় মঠ দর্শন থেকে পুজো পরিক্রমা, কী পরিকল্পনা?

সূত্রের খবর, ওই দিন সকালে বেলুড় মঠে পুজো পরিক্রমা শুরু করবেন তিনি

Truth of Bengal: পালাবদলের পর বাংলায় প্রথম দুর্গোৎসব। আর সেই উৎসবের আবহেই মহাসপ্তমীতে কলকাতায় আসার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। সূত্রের খবর, ওই দিন সকালে বেলুড় মঠে পুজো পরিক্রমা শুরু করবেন তিনি। এরপর একে একে কলকাতার একাধিক নামী দুর্গাপুজো মণ্ডপে যাওয়ার কথা তাঁর। বাংলার শারদোৎসবের রং, ঐতিহ্য ও উৎসবের আমেজ উপভোগ করবেন শাহ। দুর্গাপুজো বাঙালির কাছে শুধুমাত্র ধর্মীয় উৎসব নয়, বরং আবেগ, ঐতিহ্য ও মিলনমেলার এক অনন্য উদযাপন। সারা বছর এই কটা দিনের অপেক্ষায় থাকেন আট থেকে আশি। তবে এবারের পুজো রাজনৈতিক পালাবদলের কারণে বিশেষ তাৎপর্যপূর্ণ।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর এটাই প্রথম দুর্গোৎসব। ফলে পুজোকে ঘিরে রাজ্য সরকারের আয়োজন ও উৎসবের জৌলুস নিয়ে স্বাভাবিকভাবেই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। মহালয়ার সন্ধ্যায় ইডেন গার্ডেন্সে আয়োজিত মেগা অনুষ্ঠানেও সেই আড়ম্বরের ছাপ দেখা গিয়েছে। অনুষ্ঠান ঘিরে প্রশংসাও শোনা গিয়েছে বিভিন্ন মহলে। এর আগে খবর ছড়িয়েছিল, মহালয়ার সন্ধ্যায় ইডেনের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন অমিত শাহ। কিন্তু শেষ পর্যন্ত তাঁর সেই সফর বাতিল হয়। তবে সূত্রের খবর, মহালয়ায় আসা না হলেও মহাসপ্তমীতে বাংলায় আসতে পারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সফর ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে জল্পনা।

সূত্রের খবর অনুযায়ী, মহাসপ্তমীর সকালে প্রথমে বেলুড় মঠে যাবেন শাহ। সেখান থেকে তাঁর যাওয়ার কথা বালির দেশবন্ধু ক্লাবের দুর্গাপুজোয়। এরপর সৌজন্য সাক্ষাতের কর্মসূচি রয়েছে বলে খবর। দুপুর দেড়টা নাগাদ চেতলার ২৪ পল্লির পুজো মণ্ডপ পরিদর্শনে যেতে পারেন তিনি। সেখান থেকে দুপুর ২টো নাগাদ যাওয়ার কথা শোভাবাজার রাজবাড়িতে। এরপর তাঁর গন্তব্য হতে পারে শ্রীভূমির দুর্গাপুজো।

Related Articles