কলকাতা

অভিষেকের কালীঘাটের বাড়িতে হানা পুলিশের! বিলবোর্ড কাণ্ডে তুঙ্গে চাঞ্চল্য

ক্যামাক স্ট্রিট কাণ্ডে মারধরের অভিযোগ, নোটিস হাতে অভিষেকের কালীঘাটের বাড়িতে হাজির পুলিশ

Truth of Bengal: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে আচমকাই পৌঁছাল শেক্সপিয়র সরণি থানার বিশাল পুলিশ বাহিনী। বুধবার নোটিস হাতে তাঁর বাড়িতে প্রবেশ করতে দেখা যায় পুলিশকর্মীদের। যদিও ঘটনার সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে অনুপস্থিত থাকায় নোটিস শেষ পর্যন্ত তাঁর হাতে তুলে দেওয়া সম্ভব হয়নি বলে সূত্রের খবর।

ঘটনার সূত্রপাত গত ২৭ আগস্ট। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে একটি বিশালাকার বিলবোর্ড খোলাকে কেন্দ্র করে চরম ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। কলকাতা পুরসভার দাবি ছিল, ওই বিলবোর্ডটি সম্পূর্ণ বেআইনিভাবে লাগানো হয়েছিল। সেই অনুযায়ী পুরকর্মীরা তা খুলতে গেলে বাধা দেন অফিসের নিরাপত্তারক্ষীরা। খবর পেয়ে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

অভিযোগ, পুলিশ ও পুরকর্মীদের কাজে বাধা দেওয়ার পাশাপাশি কলার ধরে বেধড়ক মারধর করা হয়। ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশকর্মী সিঁড়ি থেকে গড়িয়ে পড়েন বলেও অভিযোগ ওঠে। সেই ঘটনায় পুলিশ ও পুরকর্মীদের বয়ানের ভিত্তিতে কলকাতা পুরসভার তরফে শেক্সপিয়র সরণি থানায় লিখিত এফআইআর (FIR) দায়ের করা হয়।

দায়ের হওয়া সেই মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস অফিসার হুমায়ুন কবীর-সহ একাধিক প্রভাবশালী তৃণমূল নেতার নাম রয়েছে। সেই মামলার প্রেক্ষিতে তদন্তের স্বার্থেই এদিন কালীঘাটে অভিষেকের বাসভবনে হাজির হন শেক্সপিয়র সরণি থানার আধিকারিকেরা।

যদিও পুরসভার টিম শেষ পর্যন্ত বাধা কাটিয়ে সেই বেআইনি বিলবোর্ডটি সরিয়ে দেয় এবং ঘটনার দিনই বেশ কয়েকজনকে আটক করা হয়। বর্তমানে এই নোটিস জারির ঘটনাকে কেন্দ্র করে ফের নতুন করে রাজনৈতিক চাপানউতোর ও শোরগোল শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

Related Articles