‘ভারতবিরোধী বদমাইশদের ধ্বংস করো মা!’ পুজোর মুখেই মা দুর্গার কাছে প্রার্থনা অগ্নিমিত্রা পালের
সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক প্রাক-পুজো উৎসবে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী
Truth of Bengal: দুর্গাপুজোর প্রাক্কালে ভারতবিরোধী শক্তির বিরুদ্ধে সরব হলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অসুরদলনী মা দুর্গার কাছে তাঁর প্রার্থনা, দেশ ও রাজ্যের অগ্রগতির পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাদের বিনাশ হোক। সোমবার দুর্গাপুরের সিটি সেন্টারে এক প্রাক-পুজো উৎসবে যোগ দিয়ে এমনই মন্তব্য করেন মন্ত্রী। তাঁর বক্তব্যে উঠে আসে জাতীয়তাবাদ, দেশের উন্নয়ন এবং ভারতবিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা। এদিন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, দেশের স্বার্থের বিরোধিতা করে যারা নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধিতে ব্যস্ত, তাদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়ানোর সময় এসেছে। মা দুর্গা যেমন অসুরবধ করে অশুভ শক্তির বিনাশ করেছিলেন, তেমনই বর্তমান সময়েও দেশবিরোধী শক্তির অবসান ঘটুক, এমনটাই কামনা করেন তিনি।
পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অগ্নিমিত্রা বলেন, ‘‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে গোটা দেশ এগিয়ে যাচ্ছে। প্রতিদিন আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত। কিন্তু এই অগ্রগতির পথে যারা বাধা সৃষ্টি করতে চাইছে, মা দুর্গা যেন তাদের শেষ করে দেন। যারা নিজেদের স্বার্থ ছাড়া এতদিন কিছুই ভাবেনি, সেই বদমাইশদেরও বিনাশ হোক। দেশ ও রাজ্য থেকে এই ধরনের শক্তি দূর হোক, এটাই আমার প্রার্থনা।’’ তাঁর এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্কের সম্ভাবনা তৈরি হয়েছে। কারণ, সাম্প্রতিক সময়ে প্রতিবাদ ও আন্দোলনের আড়ালে ভারতবিরোধী শক্তি সক্রিয় হয়ে ওঠার অভিযোগ বারবার তুলেছেন রাজ্যের শাসকদলের নেতা-মন্ত্রীরা। সেই আবহেই দুর্গাপুজোর আগে অগ্নিমিত্রার বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তবে রাজনৈতিক বার্তার পাশাপাশি উৎসবের আনন্দেও শামিল হন মন্ত্রী। দুর্গাপুরের সিটি সেন্টারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতসবাজির প্রদর্শনী উপভোগ করেন তিনি। উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে উৎসবের শুভেচ্ছাও বিনিময় করেন।
এদিন রাজ্যবাসীকে দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়ে সতর্ক থাকার আবেদন করেন অগ্নিমিত্রা। তিনি জানান, পুজোর দিনগুলিতে সমস্ত জরুরি পরিষেবা সচল থাকবে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা রাস্তায় থেকে পরিস্থিতির উপর নজরদারি চালাবেন। তবে শুধু প্রশাসনের উপর নির্ভর না করে সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিশেষ করে পরিবেশ সুরক্ষা এবং উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে সরকারি নির্দেশিকা মেনে চলার আহ্বান জানান মন্ত্রী। এদিন বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষা নিয়েও সরব হন অগ্নিমিত্রা। তাঁর দাবি, বিজেপি ক্ষমতায় এলে বাংলার সংস্কৃতি ও বাঙালির ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে বলে যে প্রচার চালানো হয়েছিল, তা সম্পূর্ণ ভিত্তিহীন। মহালয়া উপলক্ষে ইডেন গার্ডেন্সে আয়োজিত অনুষ্ঠানে বিপুল মানুষের উপস্থিতিই সেই প্রচারের জবাব দিয়েছে বলে দাবি করেন তিনি। আগামী দিনে রাজ্যজুড়ে আরও একাধিক সাংস্কৃতিক উদ্যোগ নেওয়া হবে বলেও আশ্বাস দেন অগ্নিমিত্রা। রাজ্যবাসীর উদ্দেশে তাঁর বার্তা, ‘‘আগামী দিনেও পাশে থাকুন, আরও অনেক কিছু হবে।’’ সোমবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পুন্নাবলাম এস, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই-সহ প্রশাসনের একাধিক প্রতিনিধি।






