খেলা

রোনাল্ডোহীন পর্তুগাল, চোট কাটিয়ে ফিরতে সময় নিচ্ছেন মহাতারকা

ফেব্রুয়ারির শেষ থেকে আর মাঠে নামতে পারেননি।

Truth Of Bengal:  আসন্ন প্রীতি ম্যাচের জন্য দল ঘোষণা করল পর্তুগাল। তবে সেই দলে নেই সবচেয়ে বড় নাম— ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ২৯ মার্চ মেক্সিকো এবং ১ এপ্রিল আমেরিকার বিরুদ্ধে নামবে পর্তুগাল। কিন্তু এই দুই ম্যাচে মাঠে দেখা যাবে না ৪১ বছরের কিংবদন্তিকে।

চোটের কারণেই এই সিদ্ধান্ত। আল নাসের-এর হয়ে খেলতে গিয়ে সমস্যায় পড়েন রোনাল্ডো। ফেব্রুয়ারির শেষ থেকে আর মাঠে নামতে পারেননি। এরপর চিকিৎসার জন্য স্পেনে চলে যান তিনি। সেখানেই চলছে তাঁর রিহ্যাব। এখনও পুরো ফিট নন, তাই ঝুঁকি নিতে চাইছে না টিম ম্যানেজমেন্ট।

তবে এই অনুপস্থিতি ঘিরে স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন—বিশ্বকাপে কি দেখা যাবে রোনাল্ডোকে? বয়স এখন ৪১। ফিটনেস নিয়ে সংশয় থাকাটাই স্বাভাবিক। কিন্তু সেই আশঙ্কা উড়িয়ে দিয়েছেন কোচ রবার্তো মার্তিনেজ। তাঁর স্পষ্ট বক্তব্য, রোনাল্ডোর চোট গুরুতর নয়। খুব শিগগিরই মাঠে ফিরবেন তিনি। আশা করা হচ্ছে, দু’সপ্তাহের মধ্যেই পুরো ফিট হয়ে উঠবেন।

মার্তিনেজ আরও জানিয়েছেন, বিশ্বকাপে দলের সেন্টার-ফরোয়ার্ড পজিশন মূলত রোনাল্ডো এবং গঞ্জালো রামোসের জন্যই ভাবা হচ্ছে। এই মরশুমেও রোনাল্ডো ভাল ফর্মে আছেন বলেই দাবি কোচের।

এদিকে দল থেকে বাদ পড়েছেন আরও এক পরিচিত নাম—বার্নার্দো সিলভা। ম্যাঞ্চেস্টার সিটি-র এই মিডফিল্ডারের ফর্ম খুব একটা ভাল নয়। তবে কোচ জানিয়েছেন, তাঁকে না নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি কৌশলগত।

অন্যদিকে ইউরোপীয় ফুটবলে আরেকটি বড় খবর। দীর্ঘ দুই বছর পর ইতালি দলে ফিরেছেন ফেদেরিকো কিয়েসা। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দল এখনও বিশ্বকাপে খেলা নিশ্চিত করতে পারেনি। প্লে-অফে তাদের সামনে কঠিন চ্যালেঞ্জ উত্তর আয়ারল্যান্ড। এই ম্যাচে হারলেই টানা তৃতীয়বার বিশ্বকাপ মিস করার আশঙ্কা তৈরি হবে আজ্জুরিদের সামনে।

সব মিলিয়ে, একদিকে রোনাল্ডোর ফিটনেস নিয়ে অপেক্ষা, অন্যদিকে ইউরোপের দলগুলির লড়াই—ফুটবল দুনিয়ায় এখন উত্তেজনা তুঙ্গে।

 

Related Articles