মেসির চোখে জল, রোনাল্ডো মাঠের বাইরে! বিশ্বকাপে আদৌ খেলবেন তো দুই মহারথী?
স্কালোনি আরও মনে করেন, মেসি যদি আর একটি বছর নিয়মিত ফুটবল খেলেন তবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
Truth of Bengal: বিশ্বকাপ ফুটবলের ঢাকে কাঠি পড়ার আর মাত্র আড়াই মাস বাকি। তার আগেই ঘরের মাঠে শেষ প্রস্তুতি ম্যাচে জাম্বিয়ার বিরুদ্ধে ৫-০ গোলের বড় জয় পেল আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মাঝেই বিষাদের সুর তৈরি হল অধিনায়ক লিওনেল মেসির চোখে জল দেখে। দেশের মাটিতে শেষ ম্যাচ খেলে ফেলার পর মাঠেই আবেগপ্রবণ হয়ে পড়েন এলএম টেন, যা দেখে গ্যালারিতে উপস্থিত হাজার হাজার সমর্থকের মনে অবসরের আশঙ্কা দানা বেঁধেছে।
জাম্বিয়ার বিরুদ্ধে এই ম্যাচে গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে গোল করান মেসি। এর ফলে দেশের জার্সিতে তাঁর গোল সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৬-তে। ম্যাচ শেষে সমর্থকদের গগনভেদী চিৎকারের মাঝেই কাঁদতে দেখা যায় লিওকে। ভক্তরা প্রিয় তারকাকে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন দেখার অনুরোধ জানালেও নিজের ভবিষ্যৎ নিয়ে মেসি নিজে কোনও মন্তব্য করেননি। তবে সমর্থকদের আশ্বস্ত করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। তিনি দৃঢ়ভাবে জানিয়েছেন যে, মেসি আসন্ন বিশ্বকাপে খেলবেন এবং দল তাঁকে আরও একবার ট্রফি জেতানোর জন্য সবটুকু দিয়ে লড়াই করবে।
স্কালোনি আরও মনে করেন, মেসি যদি আর একটি বছর নিয়মিত ফুটবল খেলেন তবে তিনি ১০০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন। সম্প্রতি ৯০০ গোলের গণ্ডি পার করা মেসিকে নিয়ে কোচ অত্যন্ত আশাবাদী। তাঁর মতে, মাঠে মেসির চেনা ছন্দ এবং গোলের খিদে প্রমাণ করে যে তিনি এখনও বিশ্বমঞ্চে সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত। চোট বা ক্লান্তি সরিয়ে মেসি যে বিশ্বকাপের মূল আকর্ষণ হতে চলেছেন, স্কালোনির কথাতেই তা পরিষ্কার।
অন্যদিকে, পর্তুগাল শিবিরেও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে জল্পনা তুঙ্গে। চোটের কারণে মেক্সিকো ও আমেরিকার বিরুদ্ধে প্রীতি ম্যাচে তিনি খেলতে পারছেন না। বর্তমানে সৌদি আরবে নিজের চোট সারাতে ব্যস্ত সিআর সেভেন। তবে পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেজ সাফ জানিয়ে দিয়েছেন, ৪১ বছর বয়সেও রোনাল্ডোই তাঁদের দলের নেতা। শেষ ৩০ ম্যাচে ২৫ গোল করা স্ট্রাইকারকে ছাড়া বিশ্বকাপের পরিকল্পনা করা অসম্ভব বলে মনে করেন তিনি।
মার্তিনেজের দাবি, রোনাল্ডোর চোট গুরুতর নয় এবং আগামী সপ্তাহেই তিনি অনুশীলনে ফিরবেন। পর্তুগিজ মহাতারকার অবসর নিয়ে এখনই কোনও ভাবনা নেই কোচের মাথায়। বরং নেশনস লিগের ফর্ম বিশ্বকাপে বজায় রেখে পর্তুগালকে ট্রফি জেতানোই এখন মার্তিনেজের একমাত্র লক্ষ্য। ফুটবল বিশ্বের দুই মহাতারকা মেসি ও রোনাল্ডো যে তাঁদের শেষ বিশ্বকাপে নামার জন্য প্রস্তুত, দুই কোচের বক্তব্যেই সেই ইঙ্গিত মিলেছে।






