Cristiano Ronaldo: চল্লিশ পেড়িয়ে চালশে-তেও বাইসাইকেলে অনবদ্য গোল সিআর সেভেনের
গত রবিবার সৌদি প্রো লিগে আল নাসের মুখোমুখি হয়েছিল আল খালেজের।
Truth of Bengal: বয়স তাঁর চল্লিশ। কিন্তু হলে কি হবে, প্রতিপক্ষের বক্সে গোলের জন্য তিনি এখনও অন্যদের পিছনে ফেলবেন। তিনি আল নাসেরের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অনেক সমালোচকই তাঁকে উদ্দেশ্য করে বলেছিলেন, এবার অন্তত জায়গা ছেড়ে দেওয়া উচিত তাঁর। তবে রবিবার সৌদি প্রো লিগে সিআর সেভেনের অনবদ্য বাইসাইকেল কিক দেখার পর কি বলবেন তা অবশ্য সময় বলবে। গত রবিবার সৌদি প্রো লিগে আল নাসের মুখোমুখি হয়েছিল আল খালেজের। সেই ম্যাচের শেষ অতিরিক্ত সময়েই এমন দুরন্ত গোল করে সবাইকে চমকে দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁর গোল ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়াজুড়ে।
গত রবিবার সৌদি প্রো লিগে আল নাসের মুখোমুখি হয়েছিল আল খালিজের। সেই ম্যাচে ৪-১ গোলে জয় ছিনিয়ে নেয় আল নাসের। ম্যাচে রোনাল্ডোদের দলের হয়ে স্কোরশিটে নাম তোলেন জোয়াও ফেলিক্স, ওয়েসলে, সাদিও মানে এবং স্বয়ং পর্তুগিজ তারকা। কিন্তু সবার গোলকে পিছনে ফেলে এখন ফুটবল বিশ্বে একটাই আলোচনা সেটা হল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সেই বাইসাইকেল কিকে অনবদ্য গোল।
এই গোলের আগে ৩-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল আল নাসের। ম্যাচের তখন শেষ লগ্নের অতিরিক্ত খেলা চলছে। আচমকাই নিজেদের ডান প্রান্ত দিয়ে প্রতিপক্ষের সীমানা বরাবর আক্রমণে আসতে থাকেন পরিবর্ত হিসেবে মাঠে নামা আল নাসেরের ফুটবলার নাওয়াফ বাওশাল। তখন বিপক্ষের বক্সের ভিতর বলের জন্য অপেক্ষা করছিলেন পর্তুগিজ তারকা। নাওয়াফের ইনসুইঙ্গারটি বক্সে একটু আড়াআড়িভাবে উড়ে আসা মাত্রই নিজের শরীরকে শূন্যে ছুঁড়ে দিয়ে বাইসাইকেল কিক নিলেন রোনাল্ডো। বল জড়াল জালে। সেই সময় প্রতিপক্ষের গোলরক্ষক নিজের শরীর ছুঁড়েও কাজের কাজ করতে পারলেন না। অবেশেষে এই ম্যাচে জয়ের সুবাদে টানা নয় ম্যাচে নটিতেই জয় পেল আল নাসের। এবং পয়েন্ট টেবিলের শীর্ষেও রইল তারা। তাদের সংগ্রহ নয় ম্যাচে ২৭ পয়েন্ট।






