রাজ্যের খবর

ঝাড়গ্রামের চুহা ভ্যালি, জঙ্গলমহলের ‘মিনি পেহেলগাঁও’ এখন পর্যটকদের নতুন আকর্ষণ

জঙ্গলমহলের এই অফবিট সৌন্দর্যের নাম চুহা ভ্যালি। স্থানীয়দের কাছে যেমন প্রিয়, তেমনি এখন ধীরে ধীরে রাজ্যের পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে।

দেবব্রত বাগ, ঝাড়গ্রাম: শীতের ছুটিতে পাহাড়-অরণ্যের কোলে ঘুরে আসার পরিকল্পনা করছেন? কাশ্মীর না গিয়েও এবার ‘পেহেলগাঁও’-এর স্বাদ পেয়ে যাবেন ঝাড়গ্রামের অন্যতম পর্যটন কেন্দ্র বেলপাহাড়িতেই। জঙ্গলমহলের এই অফবিট সৌন্দর্যের নাম চুহা ভ্যালি — স্থানীয়দের কাছে যেমন প্রিয়, তেমনি এখন ধীরে ধীরে রাজ্যের পর্যটকদের কাছেও জনপ্রিয় হয়ে উঠছে। চারিদিকে সবুজের সমারোহ, সারি সারি শালবন, মাঝেমধ্যে ছোট ছোট টিলা আর হরিণ ও ময়ূরের ডাক— এমন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই চুহা ভ্যালিকে অনেকেই তুলনা করছেন কাশ্মীরের বৈসরন ভ্যালির সঙ্গে। তাই কেউ কেউ নাম দিয়েছেন— ‘মিনি পেহেলগাঁও’।

বেলপাহাড়ির স্থানীয় মানুষজন জানান, চুহা ভ্যালি ঘিরে রয়েছে বালিচুয়া, ওদলচুয়া, নোটাচুয়া, ঢাঙ্গিচুয়া ও কটুচুয়া গ্রাম। প্রকৃতির কোলে অবস্থিত এই অঞ্চল যেন এক টুকরো স্বর্গ। চারদিকের পাহাড়, নির্জনতা ও শান্তিপূর্ণ পরিবেশ একেবারে মন ভরিয়ে দেয় পর্যটকদের। বেলপাহাড়ির পর্যটনের মুখপাত্র বিধান দেবনাথ বলেন, “স্থানীয়রা এই জায়গাটিকে চুহা ভ্যালি নামেই চেনেন। সামনেই রয়েছে ডুলুং ও মাছকাঁদনা উপত্যকা।

বৈসরন ভ্যালির সঙ্গে এ জায়গার অনেক মিল রয়েছে।” সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় চুহা ভ্যালির ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই পর্যটকদের ঢল নামতে শুরু করেছে এখানে। প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ আসছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। স্থানীয়রাও খুশি— বাড়ির কাছেই এমন এক মনোরম পর্যটনকেন্দ্র পেয়ে। সবুজ অরণ্যের নিস্তব্ধতার মাঝে পাথরের গা বেয়ে ঝরে পড়া জলের কুলুকুলু শব্দ যেন কাজের ক্লান্তি আর শহরের কোলাহল ভুলিয়ে দেয় মুহূর্তে। একদিনের ছোট্ট ট্রিপ হোক কিংবা সপ্তাহান্তের অবকাশ, পরিবার বা বন্ধুদের নিয়ে ঘুরে দেখতে পারেন জঙ্গলমহলের এই নতুন গন্তব্য— ঝাড়গ্রামের বেলপাহাড়ির চুহা ভ্যালি, ‘মিনি পেহেলগাঁও’।

Related Articles