শ্রী চৈতন্যদেবের নামে বিশ্ব বাংলা সরণি? লেলিন-মার্কসের নাম মুছে পুজোতেই বসছে নতুন ফলক!
কার্তিক মহারাজের নেতৃত্বাধীন কমিটির সুপারিশ! শহরজুড়ে কোন কোন রাস্তার নাম বদলাচ্ছে?
Truth of Bengal: বদলের বাংলায় ইতিহাস ও ঐতিহ্যের নতুন সমীকরণ তৈরি করতে শহরের একগুচ্ছ গুরুত্বপূর্ণ রাস্তার নাম বদলের বড়সড় উদ্যোগ নিল রাজ্য সরকার। বিশ্ব বাংলা সরণি থেকে শুরু করে পার্ক সার্কাস সেভেন পয়েন্ট কিংবা লেলিন-কার্ল মার্কসের নামে থাকা সরণিগুলির নাম অচিরেই বদলে যেতে পারে। সূত্রের খবর, বিশ্ব বাংলা সরণির নতুন নামকরণ হতে পারে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের নামে। দুর্গাপুজোর আগেই এই সংক্রান্ত নতুন নামের ফলক বসানো শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ইতিপূর্বে সোরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে স্বাধীনতা সংগ্রামী গোপাল মুখার্জি অর্থাৎ ‘গোপাল পাঁঠা’-র নামে ‘গোপাল মুখার্জি রোড’ করে ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছিল সরকার। ১৯৪৬ সালের ‘ডিরেক্ট অ্যাকশন ডে’-র রক্তক্ষয়ী পটভূমিতে হিন্দু বাঙালিদের রক্ষাকর্তা গোপাল পাঁঠার স্মরণে সেই নামকরণ নিয়ে বিরোধীরা প্রশ্ন তুললে মুখ্যমন্ত্রী সুর চড়িয়েছিলেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, “কলকাতায় কোনও মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশের নামে রাস্তার নামকরণ রাখা হবে না। ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কোনও বিদেশির নাম থাকবে না। এপিজে আবদুল কালামের মত কোনও প্রকৃত দেশপ্রেমিক থাকলে তাঁর নাম বিবেচনা করবে রাজ্য সরকার।”
এই নাম মূল্যায়ন ও বাছাইয়ের জন্য কার্তিক মহারাজের নেতৃত্বে একটি বিশেষ কমিটি গঠন করে দিয়েছে সরকার। ইতিহাসবিদ, গবেষক ও ভারতীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত এই কমিটি শহরের অন্তত দশটি প্রধান রাস্তার নতুন নামের প্রস্তাব তৈরি করছে। কমিটির প্রধান কার্তিক মহারাজ জানান, “বিদেশি সংস্কৃতি ও ভুল ইতিহাস চাপিয়ে দিয়ে বর্তমান প্রজন্মের মধ্যে বিভ্রান্তি তৈরি করা হয়েছিল। আমরা চাই স্বাধীন ভারত ও ভারতীয় উৎকর্ষের সঙ্গে যুক্ত মহান ব্যক্তিত্বদের নামেই নামাঙ্কিত হোক শহরের রাজপথগুলি।”
কার্তিক মহারাজের নেতৃত্বাধীন ওই কমিটির চুড়ান্ত সুপারিশ পৌঁছাবে নবান্নে। সরকারি অনুমোদন মেলার পর ধাপে ধাপে বদলে ফেলা হবে কলকাতার পুরোনো রাজপথের ফলকগুলি। দীর্ঘদিনের ইতিহাসকে পেছনে ফেলে কলকাতার ঐতিহ্যকে ভারতীয় সংস্কৃতির ধারায় ফিরিয়ে আনার এই প্রশাসনিক পদক্ষেপে সরগরম শহরের রাজনৈতিক ও সামাজিক মহল।






