কলকাতা

শহরে আর থাকবে না লেনিন-মার্কসের নাম! কলকাতার একাধিক রাস্তার নাম বদলের ঘোষণা কার্তিক মহারাজের

বদলে যাচ্ছে বিশ্ব বাংলা সরণি ও পার্ক সার্কাস সেভেন পয়েন্টও! পুরসভায় বসে সোজাসাপ্টা জানালেন কার্তিক মহারাজ!

Truth of Bengal: রাজ্যে রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর এবার তিলোত্তমা কলকাতার রাজপথের ইতিহাস ও পরিচয়ে আসতে চলেছে প্রকাণ্ড বদল। শহরের ঐতিহ্যবাহী ও বিতর্কিত রাস্তা লেনিন সরণি এবং কার্ল মার্কস সরণির নাম অতি দ্রুত বদলে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তা-ই নয়, বিগত তৃণমূল আমলে ঘোষিত ‘বিশ্ব বাংলা সরণি’ কিংবা পার্ক সার্কাস সেভেন পয়েন্টের মতো অতি গুরুত্বপূর্ণ রাস্তার নামও বদলে যাচ্ছে। সোমবার কলকাতা পুরভবনে সংস্কারকৃত নিজের নতুন অফিসে প্রথমবার বসেই এই সিদ্ধান্ত স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন রাজ্য সরকারের রাস্তার নামকরণ ও নাম পরিবর্তন সংক্রান্ত নয়া কমিটির চেয়ারম্যান স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ।

রাজ্যে বিজেপি পরিচালিত নতুন সরকার ক্ষমতায় আসার পরই কলকাতার বিভিন্ন রাস্তা, উড়ালপুল ও চত্বরের নাম পরিবর্তনের লক্ষ্যে কার্তিক মহারাজের নেতৃত্বে ১০ সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। আগে পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ দেবব্রত মজুমদার যে ঘরটি ব্যবহার করতেন, সেটি সম্পূর্ণ সংস্কার করে গেরুয়া রঙে সজ্জিত করা হয়েছে। ওই ঘরে বসেই অক্টোবর মাস থেকে কমিটির কাজকর্ম আনুষ্ঠানিকভাবে শুরু হবে। সোমবার সেই ঘরে বসেই কার্তিক মহারাজ জানান, বিভিন্ন মহল থেকে ইতিমধ্যে শতাধিক রাস্তার নাম বদলের লিখিত প্রস্তাব এসেছে।

কমিটির চেয়ারম্যান স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, “শহরের সমস্ত বিতর্কিত ও বিদেশি মতাদর্শের সঙ্গে যুক্ত রাস্তার নাম পরিবর্তন করা হবে। লেনিন বা মার্কসের নামে কলকাতায় আর কোনও রাস্তা থাকবে না। সমস্ত রাস্তার নামকরণ হবে ভারতের মহান মনীষীদের সম্মান জানিয়ে এবং আমাদের সনাতনী সংস্কৃতি ও ইতিহাসের সঙ্গে সামঞ্জস্য রেখে। এমনকি মহাপ্রভু শ্রীচৈতন্যদেবের স্মৃতির উদ্দেশ্যে শহরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তার নাম রাখা হবে।” পাশাপাশি, ১৯৮৪ সালের ১৮ মার্চ গার্ডেনরিচে দুষ্কৃতীদের হাতে নৃশংসভাবে খুন হওয়া দুঁদে পুলিশ অফিসার ডিসি পোর্ট বিনোদ মেহতার স্মরণেও বন্দর এলাকায় একটি বিশিষ্ট রাস্তার নামকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলকাতা বুক থেকে মার্কস, লেনিন এবং বিশ্ব বাংলা সরণির নাম মুছে ফেলার এই প্রশাসনিক তোড়জোড় শুরু হতেই তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভ প্রকাশ করেছে বামপন্থী দলগুলি। বাম নেতৃত্বের দাবি, শহরের ঐতিহাসিক ঐতিহ্য ও বৈচিত্র্যকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে মুছে ফেলার চেষ্টা চলছে। তবে সমস্ত প্রতিবাদকে উড়িয়ে দিয়ে সনাতনী সংস্কৃতি ও মহান ভারতীয় মনীষীদের নামে কলকাতা শহরকে নতুন করে সাজাতে বদ্ধপরিকর কার্তিক মহারাজের নেতৃত্বাধীন নামকরণ কমিটি।

Related Articles