নিউটাউনে ভয়াবহ আগুন! পরপর সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে ছাই ২৫টি ঝুপড়ি
স্থানীয় সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে।
Truth of Bengal: নিউটাউনের সিটি সেন্টার ২ সংলগ্ন মাঠপাড়া এলাকায় ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পরপর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে একের পর এক ঝুপড়িতে। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন দমকলকর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, দুপুর সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। প্রায় ২০ থেকে ২৫টি ঝুপড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর নেই। ঘটনাস্থলে পৌঁছয় বাগুইআটি ও ইকোপার্ক থানার পুলিশ। খবর পেয়ে সেখানে যান রাজারহাট-নিউটাউনের বিধায়ক পীযূষ কানোরিয়াও।
বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, এই এলাকায় আগেও একাধিকবার আগুন লেগেছে। বিধায়কের বক্তব্য, ঝুপড়ি এলাকা খালি করার কথা আগেই বলা হয়েছিল। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। শর্ট সার্কিট নাকি রান্নার গ্যাস থেকে আগুন লেগেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।






