কলকাতারাজ্যের খবর

বঙ্গোপসাগরে শক্তিশালী ‘অর্ণব’, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা

 বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’।

Truth of Bengal: ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলায় তুলনামূলকভাবে কম পড়বে বলে পূর্বাভাস।

বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘অর্ণব’। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পরে বাঁক নিয়ে অন্ধ্রপ্রদেশের বাপতলা ও বিশাখাপত্তনমের মাঝামাঝি উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি।

মঙ্গলবার থেকে বুধবারের মধ্যে দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া ও হুগলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হতে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শুক্রবার দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমলেও বিচ্ছিন্নভাবে বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বুধবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি-সহ একাধিক জেলায় বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে। বৃষ্টির পরিমাণ ৭০-১১০ মিলিমিটার পর্যন্ত হতে পারে। সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। ৩১ অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও ১ নভেম্বর থেকে তা কমতে পারে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ২৭ থেকে ২৯ অক্টোবর বাংলা ও ওড়িশা উপকূলে সমুদ্রে মাছ ধরতে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গভীর সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ২৬ অক্টোবরের মধ্যে উপকূলে ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে।

এদিকে সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১.৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। মঙ্গলবার আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Related Articles