বিনোদন

‘এখনও হয়নি রাম-রাবণের শুট’, ‘রামায়ণ’ নিয়ে বড় আপডেট দিলেন রণবীর

সান ডিয়েগো কমিক-কনে ছবির প্রচারে গিয়ে রণবীর জানান, ছবিতে ভগবান রাম ও রাবণের মুখোমুখি হওয়ার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলি এখনও শুট হয়নি।

Truth of Bengal: নিতেশ তিওয়ারি পরিচালিত বহুচর্চিত ছবি ‘রামায়ণ’ মুক্তির আগেই দর্শকদের আগ্রহ তুঙ্গে। বিশেষ করে পর্দায় রণবীর কাপুর ও যশের মুখোমুখি সংঘর্ষ কেমন হবে, তা নিয়েই উৎসাহ সবচেয়ে বেশি। তবে সেই প্রতীক্ষার দৃশ্যের শুটিং এখনও বাকি বলে জানালেন রণবীর কাপুর। সান ডিয়েগো কমিক-কনে ছবির প্রচারে গিয়ে রণবীর জানান, ছবিতে ভগবান রাম ও রাবণের মুখোমুখি হওয়ার গুরুত্বপূর্ণ দৃশ্যগুলি এখনও শুট হয়নি। তাঁর কথায়, ছবির শেষের দিকেই রাম ও রাবণের মুখোমুখি সংঘর্ষ দেখা যাবে। মাঝখানে একটি সংক্ষিপ্ত সাক্ষাৎ থাকলেও চূড়ান্ত যুদ্ধের দৃশ্য এখনও ক্যামেরাবন্দি হয়নি।

ফলে যশের সঙ্গে এখনও অভিনয়ের সুযোগ হয়নি তাঁর। তবে সহ-অভিনেতা হিসেবে যশের প্রশংসায় পঞ্চমুখ রণবীর। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই যশের কাজের ভক্ত তিনি। তাঁর মতে, রাবণের চরিত্রে যশের ব্যক্তিত্ব, উপস্থিতি এবং তারকাখ্যাতি এই চরিত্রকে নতুন মাত্রা দিয়েছে। রণবীরের দাবি, এতদিন দর্শক রাবণকে একটি নির্দিষ্ট ছকে দেখেছেন, কিন্তু এই ছবিতে যশ সম্পূর্ণ ভিন্নভাবে চরিত্রটিকে ফুটিয়ে তুলেছেন। তাঁর অভিনয়ে রাবণের ব্যক্তিত্ব, আভা এবং আত্মবিশ্বাস নতুনভাবে ধরা পড়বে।

অন্যদিকে, যশও ছবি নিয়ে নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। তিনি বলেন, এই প্রকল্পে শুরু থেকেই গোটা টিমের লক্ষ্য ছিল রামায়ণের কাহিনি যথাসম্ভব আন্তরিক ও বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরা। চরিত্রের মেকআপ, লুক এবং প্রযুক্তিগত নানা চ্যালেঞ্জ থাকলেও সেগুলি অতিক্রম করে গল্পটিকে সর্বাধিক বাস্তবসম্মতভাবে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন তাঁরা। নিতেশ তিওয়ারির এই ছবিতে ভগবান রামের ভূমিকায় রয়েছেন রণবীর কাপুর, রাবণের চরিত্রে যশ এবং সীতার ভূমিকায় সাই পল্লবী। এছাড়া হনুমানের চরিত্রে দেখা যাবে সানি দেওলকে এবং লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করছেন রবি দুবে। গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অরুণ গোভিল, কুণাল কাপুর, আদীনাথ কোঠারে, শিবা চাড্ডা ও ইন্দিরা কৃষ্ণন।

প্রসঙ্গত, ‘রামায়ণ: পার্ট ১’ চলতি বছরের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা। ছবির দ্বিতীয় অংশ মুক্তি পাবে দীপাবলি ২০২৭-এ।

Related Articles