মেট্রো ছুটবে বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ! ডিসেম্বরের আগেই বড় চমক অরেঞ্জ লাইনে
সোমবার সাঁতরাগাছিতে রেলের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
Truth of Bengal: কলকাতার মেট্রো যাত্রীদের জন্য সুখবর! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এবার বেলেঘাটা থেকে চিংড়িহাটা হয়ে সেক্টর ফাইভের আইটি সেন্টার পর্যন্ত অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা চালুর প্রস্তুতি জোরকদমে। এই মেট্রো পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার সাঁতরাগাছিতে রেলের একটি অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে এমনটাই জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্যেও মিলেছে ডিসেম্বরের আগেই পরিষেবা চালুর ইঙ্গিত।
দীর্ঘদিন ধরে চিংড়িহাটা এলাকায় নির্মাণকাজ ঘিরে জটিলতার কারণে আটকে ছিল অরেঞ্জ লাইনের এই অংশের কাজ। রাজ্যে সরকার পরিবর্তনের পর সেই জট কাটিয়ে চিংড়িহাটায় নির্মাণকাজ শেষ হয়েছে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বেলেঘাটা থেকে সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশন পর্যন্ত মেট্রোর ট্রায়াল রান শুরু হয়েছে। ফলে বাণিজ্যিকভাবে যাত্রী পরিষেবা চালুর প্রস্তুতি আরও এক ধাপ এগিয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, এই অংশে যাত্রী পরিষেবার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই জন্য প্রধানমন্ত্রীর দফতরের কাছে সময় চাওয়া হয়েছে। তাঁর সময় পাওয়া গেলেই উদ্বোধনের দিনক্ষণ চূড়ান্ত করা হবে। চিংড়িহাটার জট কাটিয়ে নির্মাণকাজ শেষ করার জন্য বর্তমান রাজ্য সরকারকে ধন্যবাদ জানান রেলমন্ত্রী। পাশাপাশি, পূর্বতন তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রকল্পের কাজ আটকে রাখার অভিযোগও তোলেন তিনি।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও ডিসেম্বরের আগেই এই মেট্রো পরিষেবা চালুর জন্য উদ্যোগী হয়েছেন। রেলমন্ত্রীর কাছে তাঁর আবেদন, প্রধানমন্ত্রীর সুবিধামতো দিনক্ষণ স্থির করে দ্রুত উদ্বোধনের ব্যবস্থা করা হোক। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ডিসেম্বর থেকে কলকাতায় একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠান রয়েছে। ফিল্ম ফেস্টিভ্যাল, প্রবাসী ভারতীয় সম্মেলন এবং বিশ্ব এনার্জি সম্মেলনের মতো আয়োজনের আগে এই পরিষেবা চালু হলে শহরের যাতায়াত ব্যবস্থায় সুবিধা হবে। এই মেট্রো পরিষেবা চালু হলে কলকাতার পরিবহণ ব্যবস্থায় আরও একটি গুরুত্বপূর্ণ সংযোগ তৈরি হবে। সেক্টর ফাইভের আইটি সেন্টার স্টেশনটি ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের সেক্টর ফাইভ স্টেশনের একেবারে কাছে অবস্থিত। ফলে অরেঞ্জ লাইনে যাত্রী পরিষেবা শুরু হলে দুই মেট্রো করিডরের মধ্যে সংযোগ স্থাপন সহজ হবে। বিশেষত তথ্যপ্রযুক্তি কর্মী এবং নিত্যযাত্রীদের যাতায়াতে সুবিধা হওয়ার সম্ভাবনা রয়েছে।






