বাজেটে বড় চমক অর্থমন্ত্রীর ! চিংড়িঘাটা টু নিউটাউন তৈরি হচ্ছে নতুন এলিভেটেড করিডর
এলাকার যানজট কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে
Truth of Bengal: পশ্চিমবঙ্গ বিধানসভায় সোমবার বিজেপি সরকারের প্রথম বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বেলা ১২টা থেকে বাজেট বক্তৃতা শুরু করেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন নতুন সরকারের প্রথম বাজেট ঘিরে আগেই সাধারণ মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই প্রত্যাশার মধ্যেই রাজ্যের অর্থনৈতিক পুনরুদ্ধার, শিল্পায়ন, কর্মসংস্থান, কৃষি এবং পরিকাঠামো উন্নয়নকে সামনে রেখে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়। বাজেটে শিক্ষা, নিয়োগ, পরিবহন এবং পরিকাঠামো—প্রায় সব ক্ষেত্রেই বড় বরাদ্দের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। শুধু জেলা নয়, কলকাতা ও সংলগ্ন এলাকার উন্নয়ন নিয়েও বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। তার মধ্যেই অন্যতম বড় ঘোষণা চিংড়িহাটা থেকে নিউটাউন পর্যন্ত নতুন এলিভেটেড করিডর নির্মাণ।

অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত বাজেট বক্তৃতায় জানান, ৯০০ কোটি টাকা ব্যয়ে চিংড়িহাটা থেকে নিউটাউন পর্যন্ত এলিভেটেড করিডর তৈরি করা হবে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকার যানজট কমাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে। চিংড়িহাটা মোড় বর্তমানে কলকাতার অন্যতম ব্যস্ত ট্রাফিক জংশন। প্রতিদিন অফিস টাইমে এই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয়। সল্টলেক, নিউটাউন, সেক্টর ফাইভ এবং বিমানবন্দরমুখী যাত্রীদের একটি বড় অংশ এই রুট ব্যবহার করেন। ফলে দীর্ঘদিন ধরেই এই করিডর ঘিরে যানবাহনের চাপ কমানোর দাবি ছিল।

নতুন এলিভেটেড করিডর বাস্তবায়িত হলে চিংড়িহাটা থেকে নিউটাউনের সংযোগ আরও দ্রুত ও মসৃণ হবে বলে আশা করা হচ্ছে। এতে সল্টলেক, নিউটাউন এবং বিমানবন্দরমুখী যাত্রীদের যাতায়াতে সময় কমবে। পাশাপাশি কলকাতার পূর্ব প্রান্তে ট্রাফিক ব্যবস্থায়ও বড় পরিবর্তন আসতে পারে।






