কলকাতা

‘কফি উইথ করণ’-এ বিজয়ের মন্তব্য ঘিরে বিতর্ক, সাইবার পুলিশের দ্বারস্থ রশ্মিকা-বিজয়

শোয়ের ওই পর্বের পর বিজয়-রশ্মিকাকে নিয়ে ট্রোল ও মিমের বন্যা বয়ে যায়।

Truth of Bengal: ‘কফি উইথ করণ’-এ বিজয় দেবেরাকোন্ডার মন্তব্য ঘিরে বিতর্ক। শোয়ের আড্ডায় রশ্মিকা মন্দানাকে নিয়ে বিজয়ের একটি মন্তব্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। বিজয় জানিয়েছিলেন, তিনি রশ্মিকাকে একশোবার বিয়ের প্রস্তাব দিতে বলেছিলেন। এই মন্তব্যকে ঘিরে নেটিজেনদের একাংশের দাবি, প্রকাশ্যে রশ্মিকাকে ছোট করেছেন বিজয়। তাঁকে ‘টক্সিক’ ও ‘অ্যানিম্যাল’ বলেও কটাক্ষ করা হচ্ছে।

শোয়ের ওই পর্বের পর বিজয়-রশ্মিকাকে নিয়ে ট্রোল ও মিমের বন্যা বয়ে যায়। পাশাপাশি, তাঁদের সম্পর্ক এবং বিজয়ের মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু বিভ্রান্তিকর খবরও। এমনই একটি দাবিতে বলা হয়, বিজয়ের মন্তব্যে রশ্মিকা নাকি শোয়ের সেটে কান্নায় ভেঙে পড়েছিলেন এবং শুটিং এক ঘণ্টা বন্ধ রাখতে হয়েছিল। তবে এই দাবির সত্যতা নিশ্চিত নয়।

ক্রমাগত ট্রোল, হেনস্তা ও ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে এবার সাইবার পুলিশের দ্বারস্থ হয়েছেন তারকা দম্পতির টিম। সূত্রের খবর, বিজয়-রশ্মিকার ম্যানেজার পি নিশান্ত কুমার হায়দরাবাদ সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে, সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে মনগড়া ও বিভ্রান্তিকর বিষয়বস্তু ছড়ানো হচ্ছে। প্রমাণ হিসেবে বেশ কিছু লিঙ্কও জমা দেওয়া হয়েছে।

বিজয়-রশ্মিকার টিমের বক্তব্য, তাঁরা বাক্‌স্বাধীনতার বিরোধী নন। তবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো এবং অনলাইনে হেনস্তা কোনওভাবেই গ্রহণযোগ্য নয়। সেই কারণেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তাঁরা।