মোহন ভাগবতের স্বাধীনতা মন্তব্যের তীব্র নিন্দা মুখ্যমন্ত্রীর, দিলেন সংবিধানের পাঠ
Chief Minister strongly condemns Mohan Bhagwat's independence remarks, gives a reading of the Constitution
Truth Of Bengal: সম্প্রতি ভারতের স্বাধীনতা দিবস নিয়ে বিতর্কিত মন্তব্য করেন আরএসএস প্রধান মোহন ভাগবত। ইন্দোরের এক অনুষ্ঠানে গত সোমবার তিনি বলেন, রামমন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠার দিনই ভারতের প্রকৃত স্বাধীনতার দিন। এই মন্তব্যের তীব্র বিরোধিতা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে মমতা বলেন, “১৯৪৭ সালের ১৫ অগাস্ট আমাদের স্বাধীনতার দিন। বাবাসাহেব আম্বেদকর সংবিধান প্রণয়ন করেছেন, যাকে আমরা সবাই শ্রদ্ধা করি। এই ধরনের মন্তব্য সংবিধান এবং স্বাধীনতার অপমান। এটা দেশবিরোধী মন্তব্য।”
মোহন ভাগবত তাঁর বক্তব্যে বলেন, “ভারত প্রকৃত স্বাধীনতা পেয়েছে রামমন্দিরের প্রতিষ্ঠা দিবসে। এতদিন স্বাধীনতা ছিল, কিন্তু তা প্রতিষ্ঠিত হয়নি।” এই মন্তব্যকে কটাক্ষ করে মমতা প্রশ্ন তোলেন, “যে কোনও দল বা সংগঠন কী চাইলেই দেশের ইতিহাস বদলে দিতে পারে? এটা কখনোই হতে পারে না।”
মমতা এদিন ভারতের স্বাধীনতা সংগ্রামের উল্লেখযোগ্য ব্যক্তিত্বদের নাম স্মরণ করেন। গান্ধীজি, নেতাজি, আম্বেদকর, নজরুল, রবীন্দ্রনাথ, বিদ্যাসাগর, রামমোহন রায়, ভগৎ সিং, মাতঙ্গিনী হাজরা, এবং বাঘাযতীনসহ অনেকের কথা উল্লেখ করে তিনি বলেন, “দেশের স্বাধীনতা অর্জনে সাধারণ মানুষ থেকে বিশিষ্ট নেতারা সকলেই অবদান রেখেছেন। আমরা কখনো তাদের ত্যাগ ভুলতে পারি না।”
মমতা আরও বলেন, “স্বাধীনতা আমাদের গর্ব। গণতন্ত্র ও সাধারণতন্ত্র আমাদের গর্ব। এগুলোকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলবে, আর আমরা চুপ করে থাকব—এটা সম্ভব নয়।” এই বিতর্কে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলও ভাগবতের মন্তব্যের তীব্র সমালোচনা করেছে। দেশজুড়ে এই নিয়ে রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে।






