যাত্রীদের জন্য বিরাট সুখবর! সোমবার সকাল ৬টা থেকেই ছুটবে ট্রেন, বাড়ল রাতের মেট্রোর সময়ও
ভোর থেকে গভীর রাত! নীল ও সবুজ লাইনে মেট্রোর সংখ্যায় বড় বদল, দেখুন নতুন সূচি
Truth of Bengal: তিলোত্তমাবাসীর নিত্যদিনের যাতায়াত আরও দ্রুত ও স্বাচ্ছন্দ্যময় করতে বড়সড় সিদ্ধান্ত নিল মেট্রো কর্তৃপক্ষ। সোম থেকে শুরু হচ্ছে মেট্রো রেলের বাড়তি পরিষেবা। এখন থেকে প্রতিদিন সকাল ৬টা থেকেই শুরু হয়ে যাবে মেট্রোর চাকা ঘোরার কাজ। কেবল সকালেই নয়, রাতের দিকেও বাড়ানো হয়েছে মেট্রো পরিষেবার সময়সীমা। আপাতত পরীক্ষামূলকভাবে এই বাড়তি পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। কলকাতা মেট্রোর এই পদক্ষেপে বিপুল উপকৃত হবেন অফিসযাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) সকাল ৬টাতেই পাওয়া যাবে দিনের প্রথম মেট্রো। অন্যদিকে, দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরামের উদ্দেশ্যে শেষ মেট্রো ছাড়বে রাত ১০টা ৩ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে শেষ মেট্রো মিলবে রাত ১০টা ১৫ মিনিটে। মহানায়ক উত্তমকুমার ও দমদম স্টেশন থেকেও প্রথম ও শেষ মেট্রোর সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
একইভাবে হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত বিস্তৃত গ্রিন লাইনেও বাড়ছে মেট্রো পরিষেবা। এই লাইনে দুটি প্রান্তিক স্টেশন থেকেই সকাল ৬টায় প্রথম ট্রেন ছাড়বে এবং রাতে ১০টা ৩০ মিনিট পর্যন্ত মিলবে শেষ মেট্রো।
শুধু কাজের দিনেই নয়, রবিবারের সূচিতেও আনা হয়েছে বিশেষ পরিবর্তন। রবিবারে ব্লু ও গ্রিন দুই লাইনেই সকাল ৯টা থেকে শুরু হবে পরিষেবা। রবিবারে দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম যাওয়ার শেষ মেট্রো রাত ১০টা ৩ মিনিটে এবং শহিদ ক্ষুদিরাম থেকে রাত ১০টা ১৫ মিনিটে মিলবে। হাওড়া ময়দান ও সল্টলেক সেক্টর ফাইভ থেকেও রবিবারের শেষ মেট্রো রাত ১০টা ৩০ মিনিটে পাওয়া যাবে।
পরিষেবার সময়সীমা বৃদ্ধির পাশাপাশি স্বাভাবিকভাবেই বাড়ছে দৈনিক ট্রেনের সংখ্যাও। ব্লু লাইনে সোম থেকে শুক্রবার আগে ২৬০টি মেট্রো চলত, তা বেড়ে এখন ২৭২টি করা হয়েছে। শনিবারে ট্রেনের সংখ্যা ২৪৬ থেকে বাড়িয়ে ২৫৮ এবং রবিবারে ১৫২ থেকে বাড়িয়ে ১৫৮টি করা হয়েছে। আবার গ্রিন লাইনে কাজের দিনগুলোতে ২২৮টির বদলে চলবে ২৩৬টি মেট্রো। শনিবারে ২০৪টির জায়গায় ২১২টি এবং রবিবারে ১০৮টির জায়গায় ১১১টি মেট্রো চালানো হবে।






