কলকাতা

সুপ্রিম ‘দিশায়’ বদলে গেল ব্যাঙ্কশাল আদালতের রায়, ধর্মতলায় তাণ্ডবে ধৃত ১৬ জনেরই জামিন মঞ্জুর

'তিন পুরুষ' শাস্তি মনে রাখবে বলেছিলেন মুখ্যমন্ত্রী! তিন দিনেই মাত্র ৫০০ টাকার বন্ডে জামিন অভিযুক্তদের

Truth of Bengal: দিল্লিতে নিট (NEET) প্রশ্নফাঁস ও কেলেঙ্কারির প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল, তার তীব্র আঁচ পড়েছিল বাংলাতেও। বাম ছাত্র সংগঠনের ডাকে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত আয়োজিত বিশাল প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন বহু পড়ুয়া, অভিভাবক থেকে শুরু করে আমজনতা। কিন্তু মিছিলের শেষ লগ্নে হঠাৎই রণক্ষেত্রের রূপ নেয় তিলোত্তমা। কভার করতে গিয়ে আক্রান্ত হন একাধিক সাংবাদিক, আর পুলিশকে লক্ষ্য করে উড়ে আসে জুতো, জলের বোতল ও ইট। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে তাণ্ডবকারীদের চিহ্নিত করার পর মোট ১৬ জনকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার ধৃত ১৬ জনকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে নাটকীয় মোড় নেয় পুরো আইনি লড়াই। শুনানি চলাকালীন পুলিশের তরফে অভিযুক্তদের জেল হেফাজতের আর্জি জানানো হয়, যা প্রাথমিক বিচারে মঞ্জুর করে ৩০ জুলাই পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। কিন্তু রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই চিত্রপট সম্পূর্ণ বদলে যায় দেশের সর্বোচ্চ আদালতের এক ঐতিহাসিক রায়ে!

প্রধান বিচারপতি সূর্য কান্তের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, প্রতিবাদী আন্দোলনকারীদের মধ্যে ১৮ বছরের কম বয়সীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। পাশাপাশি, যাদের অতীতে কোনও অপরাধের রেকর্ড নেই, তাঁদেরও মুক্তি দেওয়ার নির্দেশ জারি করা হয়। শুধু তাই নয়, প্রতিবাদীদের বিরুদ্ধে হওয়া এফআইআর-এর ভিত্তিতেও কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না বলে সাফ জানিয়ে দেয় শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশ আদালতে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই ধৃতদের আইনজীবীরা নতুন করে জামিনের আবেদন জানান। যদিও কলকাতায় হিংসার ঘটনায় গ্রেফতার হওয়া কারও বয়স ১৮-র নিচে নয়, তবুও সুপ্রিম নির্দেশের আবহে পুলিশের তরফে স্পষ্ট জানানো হয় যে রাজ্য অভিযুক্তদের আর হেফাজতে রাখতে ইচ্ছুক নয়। পুলিশের এই সওয়াল এবং শীর্ষ আদালতের নির্দেশের পর মুহূর্তে মধ্যে রায় বদল করেন ব্যাঙ্কশাল কোর্টের বিচারক। জেল হেফাজতের পুরোনো আদেশ বাতিল করে ৫০০ টাকার বন্ডে ধৃত ১৬ জনেরই জামিন মঞ্জুর করা হয়। সুপ্রিম নির্দেশের জেরে মাত্র কয়েক মিনিটে বদলে যাওয়া এই রায় নিয়ে এখন জোর চর্চা চলছে রাজ্য রাজনীতিতে।

Related Articles