কলকাতারাজ্যের খবর

ওড়িশার দিকে এগোচ্ছে গভীর নিম্নচাপ, দক্ষিণবঙ্গের ৮ জেলায় ভারী বৃষ্টির সতর্কতা

সোমবার সারা দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

Truth of Bengal: মৌসুমি অক্ষরেখা এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন উপকূলের একটি নিম্নচাপের প্রভাবে সোমবার কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং সেটি ওড়িশা উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যার জেরে কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলিতে সপ্তাহের শুরু থেকেই বৃষ্টি শুরু হয়েছে।

সোমবার সারা দিন কলকাতার আকাশ মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রবিবার শহরের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে ৩২.৪ ডিগ্রি এবং ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সোমবারও তাপমাত্রা সর্বোচ্চ ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানা গেছে। এছাড়া, গত ২৪ ঘণ্টায় শহরে মোট ১.৭ মিলিমিটার বৃষ্টিপাত নথিভুক্ত করা হয়েছে।

দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমাঞ্চলের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টির সর্তকতা জারি রয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানে বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং ও আলিপুরদুয়ারে সোমবার ভারী বৃষ্টি হতে পারে এবং উত্তরের এই জেলাগুলিতে বৃহস্পতিবার পর্যন্ত এমন আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

Related Articles