আন্তর্জাতিকদেশ

বাণিজ্যচুক্তির বিনিময়ে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ! দিল্লি কি মানল ট্রাম্পের শর্ত?

ট্রাম্প আরও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির অংশ হিসেবে দেশটি আমেরিকা থেকে প্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্য কিনবে।

Truth Of Bengal: দীর্ঘ টানাপোড়েনের পর ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি চূড়ান্ত হয়েছে। যুক্তরাষ্ট্র ভারতের উপর থাকা শুল্ক ১৮ শতাংশে নামিয়ে আনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। তবে শুল্ক কমানোর শর্তে কি অন্য কোনো শর্তও যুক্ত ছিল? এমনই প্রশ্নে সোজাসুজি মুখ খুলেছেন ট্রাম্প নিজেই। তিনি দাবি করেছেন, দিল্লি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছে এবং ভবিষ্যতে আমেরিকার কাছ থেকে আরও বেশি পরিমাণে তেল কিনবে ভারত।

ট্রাম্প আরও বলেছেন, ভারতের সঙ্গে বাণিজ্যচুক্তির অংশ হিসেবে দেশটি আমেরিকা থেকে প্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার পণ্য কিনবে। এই শর্তেই ইন্দো-মার্কিন বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়েছে বলে দাবি করেন তিনি। ইতিমধ্যে এই বিষয়টি সামনে এনে কংগ্রেসসহ অন্যান্য বিরোধী দলগুলো কটাক্ষ করছে।

দীর্ঘদিন ধরে ভারতের সঙ্গে আমেরিকার বাণিজ্যচুক্তি নিয়ে টানাপোড়েন চলছিল। এরই মধ্যে সোমবার রাতে মোদি ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ওই আলাপচারিতার কথা ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডেলে পোস্ট করেছেন। সেখানে তিনটি দাবি তুলে ধরেছেন তিনি—প্রথমত মোদি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন, দ্বিতীয়ত ভারত আমেরিকার কাছ থেকে আরও বেশি তেল কিনবে এবং তৃতীয়ত সম্ভবত ভেনেজুয়েলার কাছ থেকেও ভারত বেশি পরিমাণে তেল কিনবে।

এদিকে, ভেনেজুয়েলার তেলের ভাণ্ডার বর্তমানে আমেরিকার নিয়ন্ত্রণে রয়েছে, কারণ প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আমেরিকা স্বীকৃতি দেয়নি। অর্থাৎ মার্কিন বাণিজ্য স্বার্থ অক্ষুণ্ণ রেখে দিল্লির সঙ্গে চুক্তির পথে এগিয়ে গেছেন ট্রাম্প।

শুল্ক কমানোর কারণে ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে মোদি এক্স হ্যান্ডেলে লিখেছেন, “প্রিয় বন্ধু রাষ্ট্রপতি ট্রাম্পের সঙ্গে কথা বলতে পেরে আমি আনন্দিত। ভারতে তৈরি পণ্যের উপর এখন ১৮% শুল্ক কমানো হয়েছে জেনে খুশি। এই ঘোষণার জন্য ভারতের ১৪০ কোটি জনগণের পক্ষ থেকে রাষ্ট্রপতি ট্রাম্পকে অনেক ধন্যবাদ।”

ট্রাম্প আরও জানিয়েছেন, শুল্ক সমঝোতার জন্য মোদি নিজেই তাকে অনুরোধ করেছিলেন। ট্রাম্প বলেন, “প্রধানমন্ত্রী মোদির প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে তাঁর অনুরোধে আমরা ভারত এবং আমেরিকার মধ্যে অবিলম্বে একটি বাণিজ্য চুক্তি (শুল্ক সমঝোতা) সেরে নিতে সম্মত হয়েছি।”

শুল্ক হ্রাসের বিনিময়ে মোদি আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের (প্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকা) শক্তি, প্রযুক্তি, কয়লা, কৃষিজ পণ্যসহ অন্যান্য সামগ্রী কেনার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া ট্রাম্প দাবি করেছেন, রুশ-ইউক্রেন যুদ্ধসহ বিভিন্ন আন্তর্জাতিক বিষয় নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে।

Related Articles