আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের চরম ভরাডুবি, মার্কিন কংগ্রেসের দখল নিল ডেমোক্র্যাটরা

ট্রাম্পের ডেরায় ডেমোক্র্যাটদের লাল নিশান! ভেঙে চুরমার রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা

Truth of Bengal: দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে হোয়াইট হাউসের মসনদে বসার ঠিক দুই বছরের মধ্যেই মারাত্মক রাজনৈতিক বিপর্যয়ের মুখে ডোনাল্ড ট্রাম্প! আমেরিকার বহুল চর্চিত মধ্যবর্তী নির্বাচনে (Midterm Elections) বিশাল ধাক্কা খেল ট্রাম্পের রিপাবলিকান পার্টি। মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট এবং নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস, উভয় কক্ষের সংখ্যাগরিষ্ঠতাই হাতছাড়া হল রিপাবলিকানদের। দুই বছর পরেই আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন, তার আগে মধ্যবর্তী ফলাফলের এই উলটপুরাণ ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট সতর্কবার্তা বলেই মনে করছে কূটনৈতিক মহল।

সেনেট ও হাউসের আসনের হালহকিকত

এখনও পর্যন্ত যে গণনার চিত্র সামনে এসেছে, তাতে ১০০ আসন বিশিষ্ট উচ্চকক্ষ সেনেটে ডেমোক্র্যাটরা ৫৩টি আসনে জয়ী বা এগিয়ে রয়েছে, যেখানে রিপাবলিকানরা আটকে গিয়েছে মাত্র ৪২টিতে। অথচ এতদিন সেনেটে ৫৩টি আসন নিয়ে আধিপত্য ছিল ট্রাম্পের দলের।

অন্যদিকে, ৪৩৫ আসন বিশিষ্ট নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেন্টেটিভস’-এ ডেমোক্র্যাটরা ২২৪টি আসনে এগিয়ে থেকে স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করেছে। বিপরীতে রিপাবলিকানরা পেয়েছে মাত্র ১৩৩টি আসন। উল্লেখ্য, এই ফলাফলের আগে হাউসে ২১৮টি আসন নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল রিপাবলিকান পার্টি।

ট্রাম্প প্রশাসনের ওপর কী প্রভাব পড়বে?

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ডেমোক্র্যাটরা দুটি কক্ষেরই দখল নেওয়ায় এখন থেকে ট্রাম্পের যেকোনও বিতর্কিত বিল বা পরিকল্পনা খুব সহজেই আটকে দিতে পারবে তারা। এছাড়া প্রশাসনিক বিষয়ে স্বাধীন শুনানির আয়োজন করা, সমন জারি করা এবং ট্রাম্প সরকারের বিভিন্ন সিদ্ধান্তের বিরুদ্ধে তদন্ত চালানোর আইনি ক্ষমতা চলে এল বিরোধীদের হাতে। যদিও মার্কিন প্রেসিডেন্টের বিশেষ ‘ভেটো’ প্রয়োগের ক্ষমতা থাকায় ডেমোক্র্যাটদের পক্ষে সিদ্ধান্ত রূপায়ণ করা খুব সহজ হবে না।

হারের পর বিস্ফোরক ট্রাম্প!

এই অভাবনীয় ভরাডুবির পরও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই প্রতিক্রিয়া দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্র্যাটদের সৌজন্যমূলক অভিনন্দন জানিয়ে যৌথভাবে কাজ করার বার্তা দিলেও নিজের ‘ভেটো’ ক্ষমতার কথা মনে করিয়ে দিতে ভুলেননি তিনি। ট্রাম্প বলেন, “ডেমোক্র্যাটরা নিশ্চিতভাবেই ভালও ফল করেছে। দেশে এবার একটা আলাদা রাজনৈতিক হাওয়া ছিল, তাই আমার কোনও অপরাধবোধ নেই। তবে আমি নিজে যদি এবার ভোটে দাঁড়াতাম, তাহলে আমরা বিপুল ব্যবধানে জয়ী হতাম।”

Related Articles