UNSC সংস্কারে মোদির পাশে রাষ্ট্রসংঘ! স্থায়ী সদস্যপদের আরও কাছে ভারত?
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিচ জানান, বর্তমান নিরাপত্তা পরিষদের কাঠামো একুশ শতকের বাস্তবতাকে পুরোপুরি প্রতিফলিত করে না।
Truth of Bengal: ব্রিকসের মঞ্চ থেকে বিশ্ব শাসন ব্যবস্থায় বড়সড় সংস্কারের ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশেষ করে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো বদলের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বলেন, আর এই সংস্কার বিলম্বিত করা উচিত নয়। এবার সেই বক্তব্যের সঙ্গে সুর মিলিয়ে নিরাপত্তা পরিষদ-সহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির সংস্কারের প্রয়োজনীয়তার কথা জানাল রাষ্ট্রসংঘের মহাসচিবের দফতর।
রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টেফান ডুজারিচ জানান, বর্তমান নিরাপত্তা পরিষদের কাঠামো একুশ শতকের বাস্তবতাকে পুরোপুরি প্রতিফলিত করে না। ১৯৪৫ সালের বিশ্বের বদলে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলিতে বর্তমান বিশ্বের বাস্তবতা ও প্রতিনিধিত্ব আরও স্পষ্ট হওয়া প্রয়োজন বলেই মত তাঁর।
ব্রিকস সম্মেলনে মোদি বলেছিলেন, দীর্ঘদিন ধরে ‘গ্লোবাল সাউথ’-এর দেশগুলিকে সিদ্ধান্ত গ্রহণের মূল কেন্দ্র থেকে দূরে রাখা হয়েছে। তাঁর বক্তব্য, ‘ক্ষমতার পিরামিড’ বদলে এমন একটি অংশীদারিত্বমূলক ব্যবস্থা তৈরি হওয়া দরকার, যেখানে প্রত্যেক দেশের কণ্ঠস্বর গুরুত্ব পাবে।
বর্তমানে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য হল চিন, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা ও ব্রিটেন। দীর্ঘদিন ধরেই ভারত স্থায়ী সদস্যপদের দাবি জানিয়ে আসছে। ব্রিকসের মঞ্চে শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতেই মোদির সংস্কারের বার্তা এবং তার পরে রাষ্ট্রসংঘের পক্ষ থেকে একই প্রয়োজনীয়তার কথা উঠে আসায় ফের জোরদার হল নিরাপত্তা পরিষদ সংস্কারের আলোচনা।






