ইন্টারনেট পরিষেবা স্তব্ধ করার ছক ইরানের? পালটা হুঁশিয়ারি ট্রাম্পের
বাস্তবে এই ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের ইন্টারনেট ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
Truth of Bengal: নভেম্বরে আমেরিকার মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে ফের বড়সড় হামলা চালানোর হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার ফ্লরিডার একটি সভায় তিনি বলেন, ইরানের বিরুদ্ধে আরও ভয়ংকর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। তাঁর মন্তব্যে দুই দেশের মধ্যে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।
এর আগে, আমেরিকা ও ইজরায়েল ফের হামলা চালালে সমুদ্রের তলদেশে থাকা ইন্টারনেট কেবল ধ্বংস করার পরিকল্পনা করছে ইরান—এমন খবর সামনে আসে। বাস্তবে এই ধরনের হামলা হলে মধ্যপ্রাচ্যের ইন্টারনেট ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ট্রাম্পের হুঁশিয়ারি, ইরান এমন পদক্ষেপ নিলে আরও বড় হামলার মুখে পড়তে পারে।
যুদ্ধবিরতি চললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা কমেনি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, আমেরিকা ফের সামরিক পদক্ষেপ করলে তার জবাব দিতে প্রস্তুত তেহরান। ফলে পালটা হুঁশিয়ারি ও সামরিক শক্তি প্রদর্শনের আবহে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে।






