Delhi Cold Alert: দিল্লিতে গত ২ বছরের মধ্যে শীতলতম রাত! পারদ নামল ১৭ ডিগ্রিতে
পাশাপাশি, দিওয়ালীর পর থেকে দিল্লির বাতাসে যে ভয়াবহ দূষণ ছড়িয়েছিল, তারও সামান্য উন্নতি হয়েছে।
Truth of Bengal: বিগত দুই বছরের মধ্যে অক্টোবর মাসে রাজধানীতে শীতলতম দিনের অভিজ্ঞতা হল দিল্লি-বাসীর। বৃহস্পতিবার রাতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ১৭ ডিগ্রি সেলসিয়াসে। এই মরশুমের এটি শীতলতম রাত ছিল বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি, দিওয়ালীর পর থেকে দিল্লির বাতাসে যে ভয়াবহ দূষণ ছড়িয়েছিল, তারও সামান্য উন্নতি হয়েছে। ভারতের আবহাওয়া দফতর (IMD) শুক্রবার দিল্লির আবহাওয়া নিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার রাতে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি কম। শুধু এই মরশুমের শীতলতম রাত নয়, এটি ২০২২ সালের ১৫ অক্টোবর রেকর্ড করা ১৭.৪ ডিগ্রি সেলসিয়াসের পরে গত দুই বছরের মধ্যে অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা (Delhi Cold Alert)।
আইএমডি-র পূর্বাভাস অনুযায়ী, শনিবার সকালে রাজধানী দিল্লি কুয়াশার চাদরে ঢাকা ছিল। এদিন সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে অনুমান করা হচ্ছে। আবহাওয়া শীতল হওয়ার পাশাপাশি, দিল্লির বাতাসের গুণমানেরও সামান্য উন্নতি হয়েছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB) জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দিল্লিতে গড়ে এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে ২৭৫, যা আগের ‘খুব খারাপ’ পরিস্থিতি থেকে নেমে ‘খারাপ’ শ্রেণিতে পড়েছে। দূষণের মাত্রা কমলেও তা এখনো অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে (Delhi Cold Alert)।






