চন্দ্রকোনায় অকালবৃষ্টির কোপ: পচনের আশঙ্কায় মাথায় হাত আলু চাষিদের
কিন্তু মরসুমের শেষে এই বৃষ্টি কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে
Truth Of Bengal: তীব্র দাবদাহের মাঝে হঠাৎ আবহাওয়ার ভোলবদল। রবিবার সকাল থেকে চন্দ্রকোনা জুড়েই শুরু হয়েছে দফায় দফায় অকালবৃষ্টি। আর এই বৃষ্টির জেরে চরম বিপাকে পড়েছেন এলাকার কয়েক হাজার আলু চাষি। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকা মূলত আলু চাষের ওপর নির্ভরশীল, কিন্তু মরসুমের শেষে এই বৃষ্টি কৃষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।
মাঠের পর মাঠ এখনও প্রচুর পরিমাণ আলু মজুত করে রাখা আছে। ঝড়ো হাওয়ার সাথে এই অকালবৃষ্টির কারণে খোলা আকাশের নিচে রাখা সেই আলুর স্তূপ ভিজে একাকার হয়ে গেছে। চাষিদের প্রধান আতঙ্ক, জল লাগলে এই আলু খুব দ্রুত পচে যেতে শুরু করবে। এমনিতেই বাজারে বর্তমানে আলুর দাম অনেকটাই কম, তার ওপর যদি বৃষ্টির কারণে ফসল নষ্ট হয়, তবে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।
চাষিদের দাবি, বীজ এবং সারের যা খরচ হয়েছে, বর্তমান বাজারদরে সেই উৎপাদন খরচটুকুও ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে। তার ওপর প্রকৃতির এই রোষ যেন গোদের ওপর বিষফোড়া। এই পরিস্থিতিতে সরকারি সাহায্যের আশায় রয়েছেন চন্দ্রকোনার কৃষকরা। ফসল নষ্টের আশঙ্কায় থাকা চাষিরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন, যাতে দ্রুত ক্ষয়ক্ষতির সঠিক মূল্যায়ন করে উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। সব মিলিয়ে, অসময়ের এই বৃষ্টিতে চন্দ্রকোনার কৃষি অর্থনীতি এখন খাদের কিনারায়।






