North India cold wave: সাদা চাদরে মুড়ল ভূস্বর্গ! ৬ বছরের রেকর্ড ভাঙল দিল্লির শীত
পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার রাজধানী দিল্লিতে গত ছয় বছরের মধ্যে শীতলতম দিন রেকর্ড করা হয়েছে।
Truth of Bengal: নতুন বছরের শুরুর সকালেই তীব্র শৈতপ্রবাহের কবলে পড়ল গোটা উত্তর ভারত। দিল্লির হাড়কাঁপানো ঠান্ডার পাশাপাশি তুষারপাতের জেরে সাদা চাদরে ঢেকেছে কাশ্মীর। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, গত বুধবার রাজধানী দিল্লিতে গত ছয় বছরের মধ্যে শীতলতম দিন রেকর্ড করা হয়েছে। বছরের প্রথম দিনেই উত্তর ভারতের রাজ্যগুলিতে শীতের দাপট জনজীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক দিনে দিল্লি এবং এনসিআর সংলগ্ন এলাকা ছাড়াও পঞ্জাব ও হরিয়ানায় ঠান্ডার তীব্রতা আরও বৃদ্ধি পাবে। একইসঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। হিমাচল বা হিমালয় অঞ্চল থেকে ধেয়ে আসা কনকনে ঠান্ডা হাওয়া রাজধানীর তাপমাত্রা আরও কমিয়ে দিতে পারে। ৩ জানুয়ারি থেকে পরিস্থিতির আরও অবনতি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, পশ্চিম ভারতে শীতের বদলে বর্ষার আমেজ দেখা গিয়েছে। নতুন বছরের শুরুতে বাণিজ্য নগরী মুম্বইয়ের আবহাওয়া ছিল যথেষ্ট ভেজা। বৃহস্পতিবার শহরের একাধিক অংশে ভারী বৃষ্টিপাত হয়েছে, যা স্বাভাবিক জীবনযাত্রায় কিছুটা ছন্দপতন ঘটিয়েছে। শীতের মাঝে এই আচমকা বৃষ্টিতে মুম্বইয়ের পরিবেশ অন্য মাত্রা পেয়েছে।
পঞ্জাব ও হরিয়ানার বেশ কিছু অংশেও তীব্র ঠান্ডা অনুভূত হচ্ছে। বুধবার সেখানে স্বাভাবিকের তুলনায় সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বেশি থাকলেও হাড়কাঁপানো বাতাসের দাপট কমেনি। গত ডিসেম্বরে দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা নেমে এসেছিল ১৪.২ ডিগ্রিতে, যা গত ছয় বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। শীতের এই কামড় এবং বৃষ্টির পূর্বাভাস সব মিলিয়ে নতুন বছরের শুরুতেই চরম আবহাওয়ার সাক্ষী থাকল দেশবাসী।






