মহারাষ্ট্রের মহিলা চিকিৎসক ধর্ষণ ঘটনায় নাম জড়ালো এক সাংসদের
জানা গিয়েছে, তাতে বলা হয়েছে যে পুলিশের তরফ থেকে তাঁকে চাপ দেওয়া হতো নানা মামলায় অভিযুক্তদের জাল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য।
Truth Of Bengal: পুলিশের লাগাতার ধর্ষণের জেরে এক মহিলা চিকিৎসকের আত্মঘাতী হওয়ার ঘটনায় ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে গোটা মহারাষ্ট্রে। গ্রেফতার হয়েছে বাড়িওয়ালার ছেলে। এমনিতেই রাজনৈতিক তরজা তুঙ্গে ছিল ঘটনা জানাজানি হওয়ার পর। তবে এবার বিষয়টি নিল আরও চাঞ্চল্যকর মোড়। মৃত্যুর আগে নির্যাতিতা একটি চার পাতার চিঠি লিখেছিলেন এবং সেই সুসাইড নোটে নাম রয়েছে এক সাংসদেরও।
জানা গিয়েছে, তাতে বলা হয়েছে যে পুলিশের তরফ থেকে তাঁকে চাপ দেওয়া হতো নানা মামলায় অভিযুক্তদের জাল ফিটনেস সার্টিফিকেট দেওয়ার জন্য। মৃত মহিলা চিকিৎসক দাবি করেছেন যে তিনি সেই কাজ করতে রাজি হননি বলে হয়রানি করা হয় তাঁকে। চিঠিতে তিনি জানান যে তাঁকে এই কাজের জন্য চাপ দিয়েছেন পুলিশ কর্তাদের সঙ্গে এক সাংসদও। এমনকি তাঁর ব্যক্তিগত সহকারীদের এই ঘটনায় হাত রয়েছে বলে তিনি দাবি করেছেন।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের বক্তব্য, মৃত মহিলা চিকিৎসক চিঠিতে লিখেছেন যে অনেক অভিযুক্তকেই হাসপাতালে আনা হতো না, কিন্তু তাঁকে বাধ্য করা হতো তাঁদের নামে ভুয়ো মেডিকেল সার্টিফিকেট দিতে। নির্যাতিতা জানিয়েছেন যে এক সাংসদের দুই সহকারী, একটি ঘটনায়, হাসপাতালে এসে সেই মেয়েটার সঙ্গে কথা বলতে বাধ্য করেন। সেখানেই তাঁকে সাংসদ হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। যদিও এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি পুলিশের তরফ থেকে কোনও আত্মহত্যার চিঠির উদ্ধার নিয়ে। এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় চলছে মারাঠা রাজনীতিতে। সেক্ষেত্রে আর কাদের নাম উঠে আসে, সেদিকেই নজর থাকবে সকলের।






