Bangladeshi National Arrested: বাগডোগরা সেনাছাউনিতে বাংলাদেশি নাগরিক গ্রেফতার, অবৈধ অনুপ্রবেশে চাঞ্চল্য
ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি জলপাইগুড়ির বাসিন্দা দেখালেও, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের মুন্সীগঞ্জের স্থায়ী বাসিন্দা বলে জানা গিয়েছে।
Truth of Bengal: শ্রমিক সেজে বাগডোগরা-ব্যাঙডুবি সেনাছাউনি (Army Camp) এলাকায় অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ধৃত ব্যক্তির নাম নন্দ মন্ডল। ভারতীয় পরিচয়পত্র অনুযায়ী তিনি জলপাইগুড়ির বাসিন্দা দেখালেও, তিনি প্রকৃতপক্ষে বাংলাদেশের মুন্সীগঞ্জের স্থায়ী বাসিন্দা বলে জানা গিয়েছে।
জানা যায়, ধৃত নন্দ মন্ডল বাগডোগরা ব্যাঙডুবি সেনাছাউনিতে সুপারভাইজার হিসেবে কাজ করছিলেন। গত দু-তিন দিন ধরে তাঁর কাজের গতিবিধি সেনাকর্মীদের সন্দেহজনক মনে হয়। এরপর তাঁর কাছে যাবতীয় নথিপত্র দেখতে চাওয়া হলে, ওই ব্যক্তির মোবাইল ফোন থেকে বাংলাদেশের পরিচয়পত্র উদ্ধার হয়। ঘটনার পর সেনাকর্মীরা নন্দ মন্ডলকে আটক করে বাগডোগরা থানার পুলিশের হাতে তুলে দেন। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ ধৃতকে গ্রেফতার করে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানা সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি অবৈধভাবে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করেছিলেন এবং এখানে বসবাস শুরু করেন। ধৃতের কাছ থেকে বাংলাদেশি নাগরিক পরিচয়পত্রের পাশাপাশি ভারতীয় ভোটার কার্ড, প্যান কার্ড এবং এটিএম কার্ড উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বড় প্রশ্ন উঠেছে— কীভাবে ওই ব্যক্তি অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে এলেন এবং সেনাছাউনির মতো সংবেদনশীল এলাকায় তাঁর কাজ করার উদ্দেশ্য কী ছিল?
বৃহস্পতিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে (Siliguri Sub-divisional Court) তোলা হয়। ইতিমধ্যে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের বাগডোগরা থানার পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে গোটা ঘটনার তদন্তে নেমেছে।






