দেশ

দিল্লি জুড়ে হাই-অ্যালার্ট! একযোগে ১০ স্কুলে ইমেল মারফত বিস্ফোরণের হুমকি

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল চত্বর ফাঁকা করে শুরু হয় তল্লাশি অভিযান।

Truth of Bengal: রাজধানী দিল্লিতে ফের বোমাতঙ্ক। সোমবার সকাল থেকেই একের পর এক স্কুলে বোমা রয়েছে বলে হুমকি ইমেল পৌঁছনোর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, দিল্লির অন্তত ১০টি স্কুল এই ধরনের হুমকি ইমেল পেয়েছে। ইমেলগুলিতে শুধু স্কুল নয়, সংসদ ভবনের নামও উল্লেখ থাকায় পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে ওঠে।হুমকি পাওয়ার পরই সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করে। খবর পেয়ে প্রতিটি স্কুলে পৌঁছে যায় বম্ব স্কোয়াড, দমকল বাহিনী ও পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে স্কুল চত্বর ফাঁকা করে শুরু হয় তল্লাশি অভিযান। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত কোথাও কোনও বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

সূত্রের খবর, হুমকি ইমেলগুলিতে খলিস্তানপন্থী বার্তা লেখা ছিল। পাশাপাশি কাশ্মীরি বিচ্ছিন্নতাবাদী জঙ্গি নেতা আফজল গুরুর নামও উল্লেখ করা হয়েছে। ‘টাইমস অফ ইন্ডিয়া’-য় প্রকাশিত একটি হুমকি ইমেলের ছবিতে দাবি করা হয়েছে, সোমবার দুপুর ১টা ১১ মিনিটে স্কুলগুলিতে বিস্ফোরণ ঘটবে। একই সঙ্গে সেখানে ১৩ ফেব্রুয়ারি দুপুরে ‘হিন্দুস্তানি পার্লামেন্ট’-এ বিস্ফোরণের হুমকিও দেওয়া হয়েছে। ইমেলের প্রেরকের নাম হিসেবে লেখা রয়েছে—‘খলিস্তান ন্যাশনাল আর্মি’। সোমবার সকাল থেকেই একের পর এক স্কুলে এমন ইমেল পৌঁছতে শুরু করে বলে জানা যাচ্ছে। পুলিশ ইতিমধ্যেই ইমেলের উৎস ও প্রেরকের পরিচয় জানতে সাইবার তদন্ত শুরু করেছে।

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক অতীতেও দিল্লির বিভিন্ন এলাকায় এই ধরনের ভুয়ো বোমা হুমকির ঘটনা ঘটেছে। গত বছর অগস্টে স্বাধীনতা দিবসের পর রাজধানীর ৫০টিরও বেশি স্কুলে একসঙ্গে বোমাতঙ্কের ইমেল পাঠানো হয়েছিল, যা পরে ভুয়ো বলে প্রমাণিত হয়। একইভাবে গত নভেম্বরে লালকেল্লার কাছে একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনার পর দিল্লির একাধিক নিম্ন আদালত ও স্কুলে বোমা থাকার হুমকি পাঠানো হয়েছিল।

Related Articles