পুজো মিটতেই জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আন্দোলনে নামার প্রস্তুতি, আজ ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট
বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন জোটের শীর্ষ নেতারা
Truth of Bengal: দুর্গাপুজো শেষ হতেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ফের আন্দোলন জোরদার করার প্রস্তুতি নিচ্ছে বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। আগামী দিনের কর্মসূচি এবং আন্দোলনের রণকৌশল ঠিক করতে আজ, বৃহস্পতিবার সন্ধ্যায় ভার্চুয়াল বৈঠকে বসতে পারেন জোটের শীর্ষ নেতারা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নেতৃত্বে প্রস্তাবিত এই বৈঠকে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। জোটের অন্যান্য শরিক দলের নেতারাও বৈঠকে উপস্থিত থাকতে পারেন বলে সূত্রের খবর।
পুজোর আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে একাধিকবার পথে নেমেছিল বিরোধীরা। এসআইআর বাতিল এবং ভোটে কারচুপির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয় তারা। একদিকে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র আন্দোলন, অন্যদিকে কংগ্রেস, তৃণমূল-সহ ‘ইন্ডিয়া’ জোটের শরিকদের যৌথ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল দিল্লি। সেই সময় রাহুল গান্ধী স্পষ্ট জানিয়েছিলেন, জ্ঞানেশ কুমার মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তবে উৎসবের মরশুমে আন্দোলনের গতি কিছুটা কমে যায়। এবার পুজো মিটতেই ফের আন্দোলনের ময়দানে নামতে চাইছে বিরোধী শিবির। সেই লক্ষ্যেই বৃহস্পতিবারের ভার্চুয়াল বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আন্দোলনের পরবর্তী ধাপ কী হবে, কীভাবে কর্মসূচির পরিধি বাড়ানো যায় এবং রাজধানীতে প্রতিবাদের ঝাঁজ আরও তীব্র করা যায়, তা নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।
ইতিমধ্যেই আগামী ১ নভেম্বর ‘গণতন্ত্র বাঁচাও’ অভিযানের ডাক দিয়েছে বিরোধীরা। ওই দিন দিল্লির রামলীলা ময়দান থেকে নির্বাচন কমিশনের দফতর পর্যন্ত মিছিল করার পরিকল্পনা রয়েছে। এই কর্মসূচিতে ‘ইন্ডিয়া’ জোটের একাধিক শীর্ষ নেতার অংশ নেওয়ার কথা। তবে শুধু মিছিলেই আন্দোলন সীমাবদ্ধ রাখতে চাইছে না বিরোধী শিবির। ধাপে ধাপে আরও বৃহত্তর কর্মসূচির মাধ্যমে নির্বাচন কমিশনের উপর চাপ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে বলে জানা যাচ্ছে।





