গুজরাটের ১৭ স্কুলে ‘বোমা’র হুমকি, গ্রেফতার বাংলার যুবক!
তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং এরপর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
Truth of Bengal: গুজরাটের একাধিক স্কুল এবং আদালতে ইমেলের মাধ্যমে বোমা মারার হুমকি দেওয়ার অভিযোগে পশ্চিমবঙ্গ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার আমদাবাদের অপরাধ দমন শাখা এবং সাইবার ক্রাইম শাখার একটি যৌথ দল অভিযান চালিয়ে অভিযুক্তকে জালে তোলে। ধৃত যুবকের নাম সৌরভ বিশ্বাস। তাকে ট্রানজিট রিমান্ডে নিয়ে আসা হচ্ছে এবং এরপর আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।
তদন্তকারী সূত্রে খবর, এই ঘটনার সূত্রপাত গত জানুয়ারি মাসে। ২৩ জানুয়ারি গুজরাটের অন্তত ১৭টি স্কুলে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়েছিল, যা ঘিরে দানা বাঁধে তীব্র আতঙ্ক। এরপর ফেব্রুয়ারি মাসেও একইভাবে গুজরাটের বিভিন্ন আদালতে নাশকতার হুমকি দিয়ে মেল পাঠানো হয়। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আমদাবাদ পুলিশের দুটি শাখা যৌথভাবে তদন্তে নামে। প্রযুক্তির সাহায্য নিয়ে তল্লাশি চালানোর পর শেষ পর্যন্ত বাংলার এই যুবকের হদিস পান তদন্তকারীরা।
ডিটেকশন অফ ক্রাইম ব্রাঞ্চের পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, সৌরভ কেন এই ধরণের অপরাধমূলক কাজ করত এবং এর নেপথ্যে তার আসল উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক অনুমান, দেশের নিরাপত্তা ব্যবস্থার প্রযুক্তিগত কোনো ফাঁকফোকর কাজে লাগিয়ে সে নিজের পরিকল্পনা হাসিল করতে চেয়েছিল। তবে কেবল গুজরাট নয়, দিল্লি এবং সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালত ও পোস্ট অফিসেও একই কায়দায় বোমাতঙ্ক ছড়ানো হয়েছিল। যদিও পরবর্তীকালে সেই সমস্ত হুমকিই ভুয়ো বলে প্রমাণিত হয়।
বাংলার বিভিন্ন প্রান্তে ঘটা এই ধরণের হুমকি মেলের নেপথ্যেও সৌরভের হাত রয়েছে কি না, এখন সেটিই তদন্তকারীদের প্রধান জিজ্ঞাস্য। বিশেষ করে স্কুল বা আদালতের মতো সংবেদনশীল জায়গাগুলোকে কেন সে বারবার নিশানা করত, সেই রহস্যভেদে মরিয়া আমদাবাদ ও বাংলার পুলিশ। ট্রানজিট রিমান্ডে রাজ্যে আনার পর তাকে জিজ্ঞাসাবাদ করলে এই চক্রের আরও তথ্য সামনে আসবে বলে আশা করা হচ্ছে।






