কলকাতারাজ্যের খবর

ফের ভোলবদল আবহাওয়ার! মাঘের বিদায়বেলায় দক্ষিণবঙ্গে শীতের বড় চমক

রাজ্যজুড়ে আবারও ফিরেছে শীতের মৃদু শিরশিরানি

Truth of Bengal: মাঘের শেষপ্রান্তে এসে বাংলার আবহাওয়ায় ফের শুরু হয়েছে দোলাচল। কনকনে ঠান্ডা না থাকলেও, উত্তুরে হাওয়ার প্রত্যাবর্তনে রাজ্যজুড়ে আবারও ফিরেছে শীতের মৃদু শিরশিরানি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় উত্তর দিক থেকে অবাধে ঢুকছে শুষ্ক ও ঠান্ডা হাওয়া। তার প্রভাবেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা কমার ধারা আপাতত বজায় থাকবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী চার থেকে পাঁচ দিন এই শীতল আবহের রেশ থাকলেও শুক্রবারের পর থেকেই ধীরে ধীরে বদলাতে পারে পরিস্থিতি। সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে বলে ইঙ্গিত মিলেছে।

বর্তমানে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে। তবে উপকূলবর্তী এলাকা এবং রাজ্যের পশ্চিমাঞ্চলে শীতের প্রভাব তুলনামূলকভাবে বেশি। পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলাগুলিতে পারদ ১০ ডিগ্রির আশেপাশে নেমে যাওয়ায় রাত ও ভোরে ঠান্ডার অনুভূতি বেশ তীব্র। আলিপুর সূত্রে আরও জানানো হয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই—উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মেদিনীপুর, বর্ধমান, নদীয়া—ভোরের দিকে হালকা কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে আগামী সাত দিনে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

উত্তরবঙ্গেও শীতের বিদায়লগ্নের এই আমেজ স্পষ্ট। সমতলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৩ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকলেও পাহাড়ি এলাকায় পারদ নেমেছে আরও নিচে। দার্জিলিং ও কালিম্পং সংলগ্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কতা জারি রয়েছে। যদিও সেখানেও খুব শিগগিরই তাপমাত্রা বাড়তে শুরু করবে বলে পূর্বাভাস।

Related Articles