Truth Of Bengal: আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনার শোক এখনও দগদগে (Plane Tribute)। এই আবহে দুর্ঘটনায় প্রাণ হারানো যাত্রীদের উদ্দেশে শ্রদ্ধার্ঘ্য জানালেন বিশিষ্ট বালি শিল্পী সুদর্শন পটনায়ক।
ওড়িশার পুরী সমুদ্রসৈকতে তিনি তৈরি করছেন এক অসাধারণ বালির ভাস্কর্য। বালিতে ফুটে উঠেছে বিমানের প্রতিকৃতি, সঙ্গে লেখা রয়েছে— “Tribute to the victims of Ahmedabad Plane Crash”। এই শিল্পকর্মের মাধ্যমে সুদর্শন পটনায়ক নিহতদের আত্মার শান্তি কামনা করেছেন এবং তাঁদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন।
সুদর্শন পটনায়ক বলেন, “এই মর্মান্তিক ঘটনার ফলে অনেক নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন, যা গোটা বিশ্বকে গভীর শোকের মধ্যে ফেলে দিয়েছে। বিমানে থাকা যাত্রীদের সঙ্গে সঙ্গে এতজন চিকিৎসক ও হাসপাতালের কর্মীর মৃত্যুর খবর আমাকে ভীষণভাবে মর্মাহত করেছে। আমি শুধুমাত্র ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করতে পারি, যেন এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আর কখনও না ঘটে—না ভারতে, না বিশ্বের অন্য কোনও প্রান্তে” (Plane Tribute)।
প্রতিনিয়ত তিনি বিভিন্ন সামাজিক ও মানবিক বার্তা পৌঁছে দিতে বালি শিল্পের ব্যবহার করেন। পুরী সৈকতে তাঁর এই কাজ দেখতে ভিড় জমিয়েছেন বহু পর্যটক ও স্থানীয় বাসিন্দা। তাঁরা সকলেই এই নিঃশব্দ শ্রদ্ধার উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন।
[আরও পড়ুন: G7: ত্রিদেশীয় সফরে মোদি, যোগ দেবেন জি-৭ বৈঠকেও]
উল্লেখ্য, আহমেদাবাদের ওই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। তদন্ত চলেছে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তৎপর কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক। এখনও অনেকের দেহ শনাক্ত করা সম্ভব হয়নি। তার মাঝে বালি শিল্পীর এই শিল্প মন ছুঁয়ে গেল বহু মানুষের (Plane Tribute)।






