খেলা

ভাগ্যের জোরে সেমিফাইনালে আর্সেনাল, এমিরেটসে রুদ্ধশ্বাস ড্রয়ে কাটল শেষ চারের টিকিট!

প্রথম লেগের ১–০ ব্যবধানের জয়ই ভরসা হয়ে দাঁড়ায় গানারদের জন্য।

Truth of Bengal: অনিশ্চয়তা আর স্নায়ুচাপের মধ্য দিয়েই শেষ পর্যন্ত চ্যাম্পয়িনস লিগের সেমিফাইনালের টিকিট কেটেছে মিকেল আরতেতার আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে স্পোর্টিং লিসবনের বিপক্ষে গোলশূন্য ড্র করলেও প্রথম লেগের ১–০ ব্যবধানের জয়ই ভরসা হয়ে দাঁড়ায় গানারদের জন্য।

ম্যাচের আগে কোচ আরতেতা খেলোয়াড়দের আগুনের মতো খেলতে বললেও মাঠে দেখা যায় তার উল্টো চিত্র। চোটের কারণে বুকায়ো সাকা ও মার্টিন ওডেগার্ডকে ছাড়া দলটি ছিল ছন্দহীন। রক্ষণে ভুল আর মাঝমাঠে বারবার বল হারানোর সুযোগে আক্রমণে ওঠে স্পোর্টিং। ভাগ্য সহায় না হলে ফল ভিন্ন হতে পারত, কাতামোর একটি শট পোস্টে লেগে ফিরে আসে। গোলরক্ষক দাভিদ রায়ার ভুলও একসময় দলকে চাপে ফেলে। সাম্প্রতিক সময়টা ভাল যাচ্ছে না আর্সেনালের। ঘরোয়া দু’টি প্রতিযোগিতা থেকে বিদায় এবং ইংলিশ প্রিমিয়ার লিগে হারের ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি দলটি। এমন পারফরম্যান্সে খেতাব দৌড়ে থাকা দলটির মানসিকতা নিয়েও প্রশ্ন উঠছে।

সেমিফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ আতলেতিকো মাদ্রিদ। গ্রুপ পর্বে বড় জয় পেলেও এবার লড়াইটা হবে ভিন্ন। দীর্ঘদিন পর ফাইনালে উঠতে চাইলে নিজেদের গুটিয়ে রাখা মানসিকতা ভেঙে বেরিয়ে আসতেই হবে গানারদের।

Related Articles