দেশ

৫০ পয়সার কয়েন এখনও বৈধ! সচেতনতা বাড়াতে কী বার্তা দিল RBI?

আরবিআই জানিয়েছে, বাজারে প্রচলিত সব মূল্যমানের কয়েনই বৈধ। ৫০ পয়সার কয়েনও বাতিল হয়নি।

Truth Of Bengal: ৫০ পয়সা, ১, ২, ৫, ১০ এবং ২০ টাকার কয়েন এখনও বৈধ কি না এ নিয়ে চলতি বিভ্রান্তির অবসান ঘটাল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। ভুল তথ্য রুখতে সচেতনতা বাড়াতে আরবিআই-এর প্রকাশিত দুটি ভিডিওতে স্পষ্ট জানানো হয়েছে, এই সব কয়েন এখনও লেনদেনে ব্যবহার করা যাবে।

আরবিআই জানিয়েছে, বাজারে প্রচলিত সব মূল্যমানের কয়েনই বৈধ। ৫০ পয়সার কয়েনও বাতিল হয়নি। বহু ক্ষেত্রে ব্যবসায়ীরা ৫০ পয়সার কয়েন নিতে চান না, এমন অভিযোগ থাকলেও আরবিআই পরিষ্কার করেছে—এই সব কয়েন গ্রহণে কোনও বিধিনিষেধ নেই।

সাধারণ মানুষকে নির্ভয়ে কয়েন ব্যবহার করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। পাশাপাশি ব্যবসায়ীদেরও অনুরোধ করা হয়েছে, প্রচলিত কয়েন গ্রহণে অস্বীকৃতি জানানো উচিত নয়।

‘আরবিআই কহতা হ্যায়’ প্রচারের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপে পাঠানো ভিডিওগুলিতে বলা হয়েছে, একই মূল্যমানের কয়েনের বিভিন্ন নকশা বহু বছর ধরে প্রচলনে থাকে। সব কয়েনই লেনদেনে গ্রহণযোগ্য।

ভিডিওতে দেখা যায়, লেনদেনের সময় কেউ কেউ কয়েন নিতে চান না। আরবিআই-এর এই উদ্যোগ স্পষ্ট করেছে যে সব পুরনো ডিজাইনের কয়েনও এখনও বৈধ এবং লেনদেনে ব্যবহার করা যাবে।

ব্যাঙ্কের বিবৃতিতে বলা হয়েছে, দেশের অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরতে সময় সময় বিভিন্ন নকশায় কয়েন চালু করা হয়। নকশা পরিবর্তন হলেও কয়েন বৈধতা হারায় না।

Related Articles