রাজ্যের খবর

“বাংলাকে ক্রাইম ক্যাপিটাল হতে দেব না”, বোলপুরের মঞ্চ থেকে তৃণমূলকে তোপ যোগীর

বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সৌতিক চক্রবর্তী, বোলপুর: বোলপুরের নির্বাচনী সভা থেকে তীব্র রাজনৈতিক আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তাঁর বক্তব্য, ‘ডবল ইঞ্জিন’ সরকারের গতির সঙ্গে তৃণমূল, বাম ও কংগ্রেস কোনওভাবেই পাল্লা দিতে পারবে না। সভা মঞ্চ থেকে অনুপ্রবেশ ইস্যুতে কড়া সুরে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিনের ভাষণে একাধিক ইস্যু তুলে ধরে রাজ্যের শাসক দলকে নিশানা করেন যোগী। নারী নিরাপত্তা, দুর্নীতি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পশ্চিমবঙ্গের সঙ্গে উত্তরপ্রদেশের তুলনাও টানেন তিনি। তাঁর দাবি, বিজেপি সরকার গঠিত হলে বাংলা ‘ক্রাইম ক্যাপিটাল’ নয়, দেশের ‘কালচারাল ক্যাপিটাল’ হিসেবে নতুনভাবে পরিচিতি পাবে। কৃষকদের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বাংলার ধান চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না এবং উৎপাদনও আশানুরূপ নয়। অন্যদিকে উত্তরপ্রদেশে কৃষিক্ষেত্রে উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। পাশাপাশি রাজ্যে নিরাপত্তাহীনতার অভিযোগও তোলেন যোগী আদিত্যনাথ।

বাংলাদেশে হিন্দুদের উপর হামলার প্রসঙ্গ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, এ বিষয়ে অন্য রাজনৈতিক দলগুলি নীরব থাকলেও বিজেপি সরব ভূমিকা নেয়। অনুপ্রবেশ ইস্যুতে তিনি আরও বলেন, রাজ্যে বিজেপি সরকার এলে শুধু অনুপ্রবেশ বন্ধই নয়, যারা ইতিমধ্যে বেআইনিভাবে বসবাস করছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, এর আগে প্রধানমন্ত্রী Narendra Modi এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah-ও রাজ্যে এসে একই ইস্যুতে সরব হয়েছিলেন। সেই ধারাবাহিকতায় বোলপুরের সভা থেকে ফের রাজ্য সরকারকে আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ।

Related Articles